চেন্নাই টেস্ট

ভালো অবস্থানে ভারত

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডাবল সেঞ্চুরিতে চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে বেশ ভালো অবস্থায় রয়েছে স্বাগতিক ভারত। শচিন টেন্ডুলকার না পারলেও ধোনির পর বিরাট কোহলির সেঞ্চুরির উপর ভর করে দিন শেষে ৮ উইকেটে ৫১৫ রানের পাহাড় গড়েছে টিম ইন্ডিয়া। ফলে এখন ১৩৫ রানে এগিয়ে রয়েছে ভারত। আগের দিনই দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন টেন্ডুলকার ও কোহলি। তৃতীয় দিনে তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে দিনের শুরু থেকে বেশ সর্তকতার সাথে ব্যাট করতে থাকেন টেন্ডুলকার-কোহলি। প্রথম দশ ওভারে দুই জনের জুটির রান সে কথাই বলছে। ঐ সময় মাত্র ১৩ রান যোগ করতে সক্ষম হন তারা। রান তোলায় যখন ধীরস্থির, ঠিক এমন সময় বড় ধাক্কা খায় ভারত। আগের দিন ৭১ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন টেন্ডুলকার; কিন্তু সেঞ্চুরি না পাওয়ার বন্ধ্যাত্ব থেকে নিজেকে ঘোচাতে পারলেন না তিনি। ফলে নামের পাশে ৮১ রান রেখে আউট হন মাস্টার বাস্টার ব্যাটসম্যান টেন্ডুলকার। ফলে দলীয় ১৯৬ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। এরপর কোহলির সাথে ক্রিজে যোগ দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেট গিয়েই মারমুখী মেজাজে ব্যাট চালান স্বাগতিক দলপতি। আর তাতে সাহসও পেয়ে যান কোহলি। ফলে বলের সাথে পালা দিয়েই ব্যাট চালাতে থাকেন তিনিও। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে দ্রুত রান তোলা থেকে নিজেদের কিছুটা গুটিয়ে নেন কোহলি ও ধোনি। তারপরও পঞ্চম উইকেটে দুই জনে যা করেছেন তাতে বড় স্কোর গড়ার ভালো একটা পথ পেয়ে যায় টিম ইন্ডিয়া। এর মাঝে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন কোহলি। তিন অংকে পা দেবার পর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ১৫টি চার ও ১টি ছক্কায় ২০৬ বলে ১০৭ রানে আউট হন কোহলি। আর ধোনির সাথে জুটিতে যোগ করেন ১২৮ রান। কোহলির সেঞ্চুরিটা খুব কাছ থেকেই দেখেছিলেন ধোনি। তাই হয়তো তিন অংকে পা দেবার একটা স্বাদ হয়েছিল তার। কোহলির বিদায়ের পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে সেঞ্চুরির স্বাদ পূরণও করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো তিন অংক স্পর্শ করেন ধোনি। নিজের ব্যক্তিগত অর্জনের পরও দমে যাননি ধোনি। নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন তিনি। জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন ও হরভজন সিংকে নিয়ে মাঝারি ধরনের জুটি গড়লেও দশ নম্বরে নামা পেসার ভুবেনশ্বর কুমারকে নিয়ে আসল কাজটা সেরে ফেলেন ধোনি। দলকে বড় লিডের দিকে এগিয়ে নেবার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও তুলে ফেলেন তিনি। ২৩১ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে গড়েন নতুন রেকর্ডও। উইকেট রক্ষক হিসেবে ভারতের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন তিনি। আর বিশ্বের ৪২তম খেলোয়াড় হিসেবে পেলেন ডাবল সেঞ্চুরি। আর নবম উইকেটে ভুবেনশ্বরকে নিয়ে অবিচ্ছিন্ন ১০৯ রানে জুটিও গড়েন ধোনি। এ জুটি আর ৪১ রান করতে পারলেই নবম উইকেটে ভারতের পক্ষে নতুন রেকর্ডের জন্ম দিবে। দিন শেষে ধোনি ২০৬ ও ভুবেনশ্বর ১৬ রানে অপরাজিত আছেন। ধোনির ২৪৩ বলের ইনিংসে ২২টি বাউন্ডারির পাশাপাশি ৫টি ওভার বাউন্ডারিরও মার ছিল। অস্ট্রেলিয়ার পক্ষে ৮৯ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার জেমস প্যাটিনসন। স্কোর কার্ড (তৃতীয় দিন শেষে) অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : এড কাওয়ান স্ট্যাম্পড ব অশ্বিন ২৯ ডেভিড ওয়ার্নার এলবিডব্লিউ ব অশ্বিন ৫৯ ফিলিপ হিউজ ব অশ্বিন ৬ শেন ওয়াটসন এলবিডব্লিউ অশ্বিন ২৮ মাইকেল ক্লার্ক ক কুমার ব জাদেজা ১০৩ ম্যাথু ওয়েড এলবিডব্লিউ ব অশ্বিন ১২ মসিস হেনরিকস এলবিডব্লিউ ব অশ্বিন ৬৮ মিশেল স্টার্ক ব জাদেজা ৩ পিটার সিডল ক শেবাগ ব হরভজন সিং ১৯ জেমস প্যাটিনসন অপরাজিত ১৫ নাথান লিঁও ক কোহলি ব অশ্বিন ৩ অতিরিক্ত (বা-১, লে বা-৭) ৮ মোট (অলআউট, ১৩৩ ওভার) ৩৮০ উইকেট পতন : ১/৬৪ (কাওয়ান), ২/৭২ (হিউজ), ৩/১২৬ (ওয়াটসন), ৪/১৩১ (ওয়ার্নার), ৫/১৫৩ (ওয়েড), ৬/৩০৪ (হেনরিকস), ৭/৩০৭ (স্টার্ক), ৮/৩৬১ (ক্লার্ক), ৯/৩৬৪ (সিডল), ১০/৩৮০ (লিঁও)। বোলিং : ভুবেনশ্বর কুমার ১৩-১-৫২-০, ইশান্ত শর্মা ১৭-৩-৫৯-০, হরভজন সিং ২৫-২-৮৭-১, রবীচন্দ্রন অশ্বিন ৪২-১২-১০৩-৭, রবীন্দ্র জাদেজা ৩৬-১০-৭১-২। ভারত প্রথম ইনিংস (আগের দিন ১৮২/৩, ৫২ ওভার) মুরালি বিজয় ব জেমস প্যাটিনসন ১০ বিরেন্দার শেবাগ ব জেমস প্যাটিনসন ২ চেতেশ্বর পূজারা ব জেমস প্যাটিনসন ৪৪ শচীন টেন্ডুলকার ব লিঁও ৮১ বিরাট কোহলি ক স্টার্ক ব লিঁও ১০৭ মহেন্দ্র সিং ধোনি অপরাাজিত ২০৬ রবীন্দ্র জাদেজা ব প্যাটিনসন ১৬ রবীচন্দ্রন অশ্বিন ব লিঁও ৩ হরভজন সিং ব হেনরিকস ১১ ভুবেনশ্বর কুমার অপরাজিত ১৬ অতিরিক্ত (বা-২, লে বা-১৪, ও-৩) ১৯ মোট (৮ উইকেট, ১৪১ ওভার) ৫১৫ উইকেট পতন : ১/১১ (বিজয়), ২/১২ (শেবাগ), ৩/১০৫ (পূজারা), ৪/১৯৬ (টেন্ডুলকার), ৫/৩২৪ (কোহলি), ৬/৩৬৫ (জাদেজা), ৭/৩৭২ (অশ্বিন), ৮/৪০৬ (হরভজন)। বোলিং : মিশেল স্টার্ক ২৫-৩-৭৫-০ (ও-২), জেমস প্যাটিনসন ২৬-৫-৮৯-৪ (ও-১), পিটার সিডল ২২-৫-৬১-০, নাথান লিঁও ৪০-১-১৮২-৩, বেন হেনরিকস ১৭-৪-৪৮-১, মাইকেল ক্লার্ক ৮-২-২৫-০, ডেভিড ওয়ার্নার ৩-০-১৯-০। -বাসস