ফুটবলারদের নতুন গাড়ি দিলো রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২২:০০

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফুটবলারদের জন্য প্রতি মৌসুমেই থাকে এক বিশেষ মুহূর্ত। যেদিন ক্লাব স্পনসর তাদের হাতে তুলে দেয় নতুন বিলাসবহুল গাড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি। জার্মান অটোমোবাইল ব্র্যান্ড বিএমডব্লিউ তাদের অফিশিয়াল পার্টনার হিসেবে ক্লাবের তারকাদের হাতে তুলে দিয়েছে চকচকে নতুন গাড়ি। সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো হস্তান্তর করা হয়।

বিএমডব্লিউর সঙ্গে রিয়াল মাদ্রিদের অংশীদারত্বের এটি পঞ্চম আয়োজন। এবারের প্রচারণায় ক্লাবের সদস্যদের জন্য রাখা হয়েছে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি মডেল ও ইঞ্জিনের গাড়ি। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘বিএমডব্লিউ এক্সএম লেবেল’ ও সম্পূর্ণ বৈদ্যুতিক ‘বিএমডব্লিউ আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ’। 

এবারের তালিকায় রয়েছে পেট্রোলচালিত, প্লাগ-ইন হাইব্রিড ও সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি। এর মধ্যে সবচেয়ে দামি মডেলগুলোর একটি ‘বিএমডব্লিউ এক্সএম লেবেল’। ভি৮ ইঞ্জিনের সঙ্গে বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি গাড়িটির সম্মিলিত ক্ষমতা প্রায় ৭৪৮ হর্সপাওয়ার। পাঁচ আসনের এই গাড়ির দাম শুরু প্রায় ১ লাখ ৯২ হাজার ১৯০ ইউরো থেকে।

রিয়ালের ইংলিশ মিডফিল্ডার  জুড বেলিংহাম ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড পেয়েছেন ‘বিএমডব্লিউ এক্সএম লেবেল’। একই মডেল বেছে নিয়েছেন রদ্রিগো, ডিন হুইসেন, ব্রাহিম দিয়াজ, অরেলিয়েন চুয়ামেনি, আরদা গুলার ও আন্তোনিও রুডিগারের মতো ফুটবলাররাও।

অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের পছন্দের তালিকায় রয়েছে ‘বিএমডব্লিউ আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ’। বিএমডব্লিউর নতুন ‘নিউ ক্লাসে’ সিরিজের প্রথম মডেল এটি। সম্পূর্ণ বৈদ্যুতিক এই গাড়ির দাম ৬৯ হাজার ৯০০ থেকে ৭৭ হাজার ৩০২ ইউরোর মধ্যে। একই মডেল পেয়েছেন থিয়াগো পিতার্চ ও ইয়ান ডিওমান্দেও।

ভিনিসিয়ুস জুনিয়র পেয়েছেন ‘বিএমডব্লিউ আই৭ ৬০ এক্সড্রাইভ সেডান’। ৫৪৪ হর্সপাওয়ারের এই বৈদ্যুতিক গাড়িটি একবার চার্জে ৬২০ কিলোমিটারের বেশি পথ চলতে পারে। এর আনুমানিক দাম ১ লাখ ৪১ হাজার ৭৫০ ইউরো। কার্লোস এস্পি ও এন্দ্রিকও পেয়েছেন একই মডেল।

ফেদেরিকো ভালভার্দের জন্য বরাদ্দ হয়েছে ‘বিএমডব্লিউ আইএক্স২ এক্সড্রাইভ৩০’। ৩১৩ হর্সপাওয়ারের এই বৈদ্যুতিক গাড়িটির রেঞ্জ সর্বোচ্চ ৪৭৯ কিলোমিটার। দাম প্রায় ৫৮ হাজার ৭০০ ইউরো। এদুয়ার্দো কামাভিঙ্গা পেয়েছেন ‘বিএমডব্লিউ আইএক্স এক্সড্রাইভ৬০’, যার ক্ষমতা ৫৪৪ হর্সপাওয়ার এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার।

এ ছাড়া এদের মিলিতাও ও আন্দ্রি লুনিন পেয়েছেন ‘বিএমডিব্লিউ এম৫ সেডান’। ভি৮ ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি প্লাগ-ইন হাইব্রিড গাড়িটির সম্মিলিত ক্ষমতা ৭২৭ হর্সপাওয়ার। মাত্র ৩.৫ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে গাড়িটি। এর দাম শুরু ১ লাখ ৬৩ হাজার ৫০০ ইউরো থেকে।

ইত্তেফাক/জেডএইচ