ফাইনালে দৌড়ানো হলো না বোল্টের

জ্যামাইকান স্প্রিন্ট তারকা উসেইন বোল্ট প্রাক মৌসুম প্রতিযোগিতা গিবসন রিলে অ্যাথলেটিক মিটের চার গুনিতক ৪০০ মিটার রিলের হিটে দৌড়ালেও শেষ পর্যন্ত পায়ের পেশীতে টান পড়ায় ফাইনালে অংশ নিতে পারেননি। বোল্ট গত শনিবার রেসার্স লায়ন্সের হয়ে হিটে তৃতীয় লেগে ৪৫.৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। ওই হিটে ডোমিনিকান রিপাবলিককে পিছনে ফেলে বোল্টের দল ৩:০৬.৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ডোমিনিকান রিপাবলিক সময় নিয়েছে ৩:০৮.৬ সেকেন্ড। কিন্তু হিটে পায়ে ব্যথা পাওয়ায় তার স্থানে শনিবার ফাইনালে ট্র্যাকে নামেন সতীর্থ তারকা ইয়োহান ব্লে¬ক। রেসার্স লায়ন্সের হয়ে ব্যাটন তুলে নিলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি ইয়োহান। এই প্রতিযোগিতায় ৩:০৩.৭৪ সেকেন্ড সময় নিয়ে রেসার্স ট্র্যাক ক্লাব প্রথম হয়েছে। আর ৩.০৪.০০ সেকেন্ড সময় নিয়ে ব্লে¬কের দল হয়েছে দ্বিতীয়। শনিবারের ফাইনালে বোল্টের অংশগ্রহণ না করার বিষয়টি সকলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল বলেই জানিয়েছেন রেসার্স লায়ন্সের কোচ গ্লেন মিলস।