দুবাই টেনিসের শিরোপা পেত্রা ভিতোভার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
সারা এরানিকে হারিয়ে দুবাই আন্তর্জাতিক মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন পেত্রা ভিতোভা। টুর্নামেন্টের ফাইনালে গত শনিবার তিনি ৬-২, ১-৬, ৬-১ গেমে হারান ইতালিয়ান খেলোয়াড়টিকে। চেক প্রজাতন্ত্রের কভিতোভা গত বছর যুক্তরাষ্ট্রের ইয়েলে নিউ হেভেন ওপেন জয়ের পথে সেমিফাইনালে এরানিকে হারিয়েছিলেন। এরপরে তাদের আবার দেখা হলো দুবাইয়ে। ভাল লড়াই করলেও এবারো শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি ইরানির পক্ষে। প্রথম সেটে নিজের প্রথম দু’টি সার্ভেই পয়েন্ট খোয়ানো এরানি বলতে গেলে দাঁড়াতেই পারেননি কভিতোভার সামনে। ৬-২ গেমে সেটটি জিতে নেন র্যাঙ্কিংয়ে আট নাম্বার অবস্থানে থাকা এই চেক তারকা। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান রবার্তা ভিঞ্চিকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে শিরোপা জেতা এরানি। এদিকে কভিতোভাও করতে থাকেন একের পর এক ডাবল ফল্ট। ফলে দ্বিতীয় সেটে তিনি জিততে পারেন মাত্র একটি গেম। ম্যাচ শেষে কভিতোভা এর জন্য দুষেছেন কাধের ইনজুরিকে। দ্বিতীয় সেটের এমন পারফরম্যান্সের পরে মনে হচ্ছিল শিরোপা জেতাটা মোটেই অসম্ভব নয় এরানির পক্ষে। কিন্তু তৃতীয় সেটে খেলার পরিকল্পনা পাল্টে ফেলেন কভিতোভা। শেষ পর্যন্ত তার দারুণ সব সার্ভ আর গতিশীল ফোরহ্যান্ডগুলোর কোন জবাব দিতে পারেননি সেমিফাইনালে নিজের ডাবলস পার্টনারকে হারিয়ে ফাইানালে পৌঁছানো ইতালিয়টি।
শেষ পর্যন্ত রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে হতাশ এরানি মনে করছেন তৃতীয় সেটে যথেষ্ট সুযোগ পেয়েও তিনি শেষ পর্যন্ত সেসব কাজে লাগাতে পারেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় শেষ সেটে আমি বেশ কিছু সুযোগ পেয়েছিলাম। বেশ কয়েকবারই আমি ৪০-০ পয়েন্টে এগিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগাতে পারিনি।’ তবে দারুণ একটা জয়ের পরেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না পেত্রা কভিতোভা। নিজের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে সমর্থ হলেও এখনো সেটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলেই মনে করছেন ২০১১ সালের উইম্বল্ডন জয়ী এই চেক। এই টুর্নামেন্টে অবশ্য র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় বেশ কিছু খেলোয়াড়ই খেলেননি। সুতরাং দুবাইয়ে জেতা মানেই যে অনেক কিছু করে ফেলা নয় সেই বাস্তবতাও অস্বীকার করছেন না তিনি। কভিতোভা বলেন, ‘আমি এই টুর্নামেন্টটাকে আমার ক্যারিয়ারের মোড় ঘোরানো বা এরকম একটা টুর্নামেন্ট বলে মনে করছি না। শীর্ষে এখনো বেশ কিছু খেলোয়াড় আছেন। তাদের হারানো খুবই শক্ত হবে। আমি এখনো আমার খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। এখানে উন্নতি করাই আমার মূল লক্ষ্য।’