চলচ্চিত্রে আগ্রহী হয়ে উঠছেন র্যাম্প মডেলরা

কয়েক বছর আগেও র্যাম্প মডেলরা বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে খুব একটা ইতিবাচক ধারণা পোষণ করতেন না। এমনকি বিভিন্ন ইন্টারভিউতেও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে ভিন্নমতের কথা বলতেন। কিন্তু চলচ্চিত্রের এই মন্দা সময়ে যখন ডিজিটাল চলচ্চিত্রের হাওয়া লেগেছে, তখন আবার নতুন করে র্যাম্প মডেলরা আগ্রহ প্রকাশ করছেন বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয়ে। বর্তমান সময়ে বেশ কজন র্যাম্প মডেল বাংলাদেশি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। এর মধ্যে বেশ কজন র্যাম্প মডেল মূলধারার চলচ্চিত্রে নিজেদের নাম লিখিয়েছেন। তারা হলেন:মডেল রুহী, টুম্পা ও আইরিন। এদিকে রুহী শুধু দেশে নয় কলকাতাতে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া তিনি এদেশে শাকিব খানের বিপরীতে কাজ করছেন আরেকটি চলচ্চিত্রে। অন্যদিকে মডেল আইরিন নীরবের বিপরীতে ‘গেম’ নামের একটি চলচ্চিত্রে আইটেম গার্ল এবং আরজু নামের এক নবাগতের বিপরীতে একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। মডেল টুম্পাও নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দেবেন। নতুন করে চলচ্চিত্রের প্রতি আগ্রহ প্রসঙ্গে আইরিন বলেন, ‘আসলে কয়েক বছর আগে চলচ্চিত্রের অবস্থা ভাল থাকলেও তা ছিল অশ্লীলতার বাজার। তাই আমরা স্বাভাবিকভাবেই কোন আগ্রহ দেখাইনি। এখন নেক মেধাবী তরুণ নির্মাতা চলচ্চিত্রে আসায় আমরাও ভরসা পাচ্ছি।