উচ্চ রক্তচাপের ওষুধ হঠাত্ বন্ধ করবেন না
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেসার এক নীরব ঘাতক ব্যাধি। সাধারণত একজন চল্লিশোর্ধ্ব পূর্ণ বয়স্ক লোকের স্বাভাবিক সিস্টোলিক ব্লাড প্রেসার ১৩০ মি.মি অব মার্কারি এবং ডায়াস্টোলিক প্রেসার ৮০ মি.মি অব মার্কারি পর্যন্ত স্বাভাবিক ধরা হয়। তবে আইডিয়াল ব্লাড প্রেসার বা আদর্শ উচ্চ রক্তচাপ ১২০/৭০ থাকা সবচেয়ে ভালো। তবে যাদের উচ্চ রক্তচাপ আছে এবং নানা টেনশনের মধ্যে থাকতে হয় তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত। এক্ষেত্রে প্রতিদিন নিয়মিত ব্যায়াম, চর্বি জাতীয় খাবার কম খাওয়া, লবণ কম খাওয়া ও মানসিক চাপ কমানো প্রয়োজন। এসব ব্যবস্থা নেয়া সত্ত্বেও যদি উচ্চ রক্তচাপ স্বাভাবিক মাত্রায় না থাকে তবে কোনো চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। আর যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধ সেবনে অভ্যস্ত তাদের কোনো অবস্থাতেই ওষুধ বন্ধ করা উচিত নয়। তবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ সমন্বয় করা বা বাড়ানো-কমানো যেতে পারে। তবে কোনো অবস্থাতেই নিজের থেকে ওষুধ বন্ধ করা ঠিক নয়। মনে রাখতে হবে, অনিয়ন্ত্রিত রক্তচাপ মস্তিষ্কের রক্তক্ষরণ বা স্ট্রোকের অন্যতম কারণ।