স্মার্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ড

নিহতদের প্রতি পরিবার পাবে সাড়ে ১০ লাখ টাকা

গত মাসে রাজধানীর মোহাম্মদপুরে স্মার্ট ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮ শ্রমিকের প্রত্যেকের পরিবার ১০ লাখ ৪৯ হাজার টাকা করে পাবে। এর বাইরে যেসব নিহতের পরিবারে কমপক্ষে দুইটি শিশু রয়েছে তারা আরো ১ লাখ টাকা পাবে। আহত প্রত্যেক শ্রমিক পাবে ৫ লাখ টাকা করে। এছাড়া চাকরিচ্যুত প্রত্যেক শ্রমিক ৩ মাসের বেতনের সমপরিমাণ (১৫ হাজার টাকা) টাকা পাবে। ক্রেতা প্রতিষ্ঠান ইনডিটেক্স ও নিউ লুক এই অর্থ প্রদান করবে। আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংগঠন ইন্ডাস্ট্রিয়াল-এর একটি প্রতিনিধি দল গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত্ করে ক্ষতিপূরণের এই অর্থের একটি অংশ তার হাতে তুলে দেন। ইনডিটেক্স ও নিউ লুক-এর কাছ থেকে শ্রমিকদের জন্য অর্থ প্রাপ্তির বিষয়টি মধ্যস্থতা করেন ইন্ডাস্ট্রিয়াল-এর বাংলাদেশ কাউন্সিল। রবিবার প্রধানমন্ত্রী নিহত ৫ শ্রমিকের পরিবারের হাতে সদস্যদের ক্ষতিপূরণের চেক তুলে দেন। এর আগে নিহতদের প্রত্যেকের পরিবারকে বিজিএমইএ ও বিকেএমইএ-এর পক্ষ থেকে ইতিমধ্যে ২ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এর বাইরে সরকারও অর্থ সহায়তা করবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়র্কি রায়না, সংগঠনের দক্ষিণ এশিয়া অঞ্চলের সচিব সুদর্শন রাও, বিজিএমইএ-এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। পরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ইয়র্কি রায়না।