হাকালুকি ও মুড়িয়া হাওর
সেঁচে অবাধে মাছ নিধন
আব্দুল খালেক, বিয়ানীবাজার সংবাদদাতা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
দেশের বৃহত্তম হাকালুকি ও মুড়িয়া হাওরের বিভিন্ন বিল সেচে অবাধে মাছ আহরণ করা হচ্ছে। উপজেলার মুড়িয়া হাওরে ও বড়লেখার হাকালুকি হাওরে অধিকাংশ বিলের ইজারার মেয়াদ পার হলেও ইজারাদারের লোকজন প্রায় চার বছর যাবত্ অবৈধভাবে মাছ আহরণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার একদিকে যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে মাছের প্রজনন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই দুটি হাওরের মত্স্য সম্পদ অনেকটা হরিলুট হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, দেশের বৃহত্তম হাকালুকি ও মুড়িয়া হাওরে ৩শ ৮৫টি ছোট বড় বিল রয়েছে। দেশব্যাপী এসব বিল মত্স্যভাণ্ডার হিসেবে খ্যাত। জেলা ও উপজেলা প্রশাসন শর্তসাপেক্ষে মাছ আহরণের জন্য বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও মত্স্য সমিতিকে বিলগুলো ইজারা দিয়ে থাকে। কিন্তু কিছু সংখ্যক ইজারাদার শর্ত ভঙ্গ করে এমনকি ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও মেশিন লাগিয়ে বিল শুকিয়ে মাছ আহরণ করছেন। এতে সরকার রাজস্ব বঞ্চিত হওয়ার পাশাপাশি মাছের প্রজননও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন দিন বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।