নবাবগঞ্জে শাহিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের মিয়াহটি গ্রামে রাস্তা নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত মোঃ শাহিনের হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
গতকাল রবিবার সকাল ১১টায় গালিমপুর, নোয়াদ্দা, মিয়াহািট, বড়গাঁ, শুরগাঁ এলাকার কয়েকশত নারী পুরুষ শাহিন হত্যাকারী মোজাহার পাঠান, তাপস সেণ্টু মেম্বার , উজ্জ্বল খান ও লোটাসকে গ্রেফতারের দাবীতে উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে।
ঘটনার এক সপ্তাহ পার হলেও পুলিশ হত্যার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে নিহত শাহিনের বাবা শাহেদ আলী অভিযোগ করেন। তিনি আরো জানান, সন্ত্রাসীরা তার স্বজন ও গ্রামবাসীকে আসামী করে উল্টো মামলা করে আমার ছেলে হত্যার ঘটনাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে একটি রাস্তা নির্মানকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী মোজাহার পাঠান , উজ্জল খান ও তাপসের লোকজন গ্রামবাসীর উপর হামলা করে । এসময় শাহিন (১৮)কে কুপিয়ে হত্যা করা হয়। আহত হয় আরো ৬ জন।