বেগমগঞ্জে ছাত্রলীগের সম্মেলন হয় না ১৫ বছর

গত ১৫ বছর যাবত্ বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌর ও চৌমুহনী কলেজ কমিটির সম্মেলন না হওয়ায় স্থানীয়ভাবে ছাত্রলীগ নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগে কোন্দলের প্রভাব ছাত্রলীগের ওপর পড়ার ফলে ছাত্রলীগ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। স্থানীয় ছাত্রলীগের কতিপয় প্রাক্তন ও বর্তমান নেতার সাথে আলাপ করে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী শহর ও চৌমুহনী সরকারি কলেজ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালে। ঐ সময় ফয়েজউল্যা মহিন আহবায়ক এবং আবু বকর ছিদ্দিক টিপু যুগ্ম আহবায়ক হিসাবে সম্মেলন করে বেগমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি কাজী বেলায়েত হোসেন রাজু, চৌমুহনী শহর কমিটির সভাপতি আমিনুল হক মুন্নাকে নির্বাচিত করে। পরবর্তীতে একাধিকবার আহবায়ক কমিটি গঠন করে। বর্তমানে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা রইচ, চৌমুহনী শহর কমিটির আহবায়ক ইউসুফ মোল্লা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, চৌমুহনী সরকারি কলেজ শাখার আহবায়ক হিসাবে মির্জা আজিম চৌধুরী কাজ চালিয়ে যাচ্ছে।