জগন্নাথপুরে মাটি চাপায় নিহত তিন শ্রমিকের দাফন সম্পন্ন

জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী উত্তরপাড়া গ্রামে শুক্রবার সকাল ১০টায় গ্রামবাসীর উদ্যোগে সড়কের উপর কালভার্ট নির্মাণের বেইজ তৈরির মাটি খননকালে মাটি চাপায় নিহত ৩ শ্রমিক সুন্দর আলী (৩২), মস্তাব আলী (৪৫), আব্দুন নূরের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। মাটি চাপায় গুরুতর আহত নির্মাণ শ্রমিক হুঁশিয়ার আলী (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে মাটি চাপায় ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শ্রীরামসী, ভল্লবপুর, বাইশঘর গ্রামসহ গোটা উপজেলায় বিরাজ করছে শোকের ছায়া। গতকাল শনিবার উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মোশাহিদ প্রমুখ নিহতদের গ্রামের বাড়িতে যান। এ সময় উপজেলা চেয়ারম্যান নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। গ্রামবাসী জানায়, গ্রামবাসীর অর্থায়নে নির্মাণ করা পুরনো বিপজ্জনক ব্রিজটি ভেঙ্গে ঐ স্থানে কালভার্ট নির্মাণের জন্য বিভিন্ন সময়ে সরকারের নিকট দাবি জানালেও কাজ হয়নি। পুনরায় গ্রামবাসী পুরনো ব্রিজ ভেঙ্গে কালভার্ট নির্মাণ কাজ শুরু করেছিলেন। তবে প্রকৌশলী বা দক্ষ নির্মাণ শ্রমিক না থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে নিহতদের বাড়িতে গিয়ে জানা যায় স্ত্রী, ৫ মেয়ে ২ ছেলেকে নিয়ে বাইশঘর গ্রামের নিহত মস্তাব আলী সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। নিহত সুন্দর আলীর পরিবার জানান, ২ সপ্তাহ পরেই সুন্দর আলীর বিয়ে করার কথা ছিল। ভল্লবপুর গ্রামের নিহত আব্দুন নূরের রয়েছে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তারা বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন।