সরাইলে ১৩ কিলোমিটার
সড়কে ২০টি গতিরোধক !
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
ব্রা?হ্মণবাড়িয়ার সরাইল অরুয়াইল সড়কের উপজেলা সদরের প্রাতবাজার সিএনজি স্ট্যান্ড থেকে অরুয়াইল সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে ২০ টি অবৈধ গতিরোধক গড়ে ওঠেছে। অনুমোদন ছাড়াই এসব গতিরোধক নির্মিত হয়েছে স্থানীয়দের উদ্যোগে। সূত্র জানায়, উপজেলার হাওর বেষ্টিত অরুয়াইল, পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের সাথে উপজেলা ও জেলা সদরের যোগাযোগের জন্য বর্তমান সরকার সরাইল অরুয়াইল সড়ক নির্মাণ করেন। সাড়ে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত (তিনটি সেতু ও ১৬টি কালভার্টসহ) বহু প্রতিক্ষিত সড়কটিতে গত বছরের জুন মাস থেকে যান চলাচল শুরু হয়। হাওর এলাকার এ সড়কটিতে কোন গতিরোধকের প্রয়োজন না হলেও স্থানীয় লোকজন সড়ক দুর্ঘটনার আশঙ্কা থেকে একের পর এক অস্বাভাবিক উঁচু গতিরোধক নির্মাণ করে চলছেন। এ জন্য তারা কোনো অনুমোদনও নিচ্ছেন না কর্তৃপক্ষের কাছ থেকে। পাকমিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, এ সড়কে এত গতিরোধক তৈরি হয়েছে যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল আলম বলেন, সবক’টি গতিরোধক অবৈধ। অস্বাভাবিক উঁচু গতিরোধকগুলো জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। (ইউএনও) মোহাম্মদ আনিসুজ্জামান খান বলেন, ১৩ কিলোমিটার সড়কে ২০টি গতিরোধক থাকলে সমস্যা হওয়ারই কথা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।