সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন আহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এলপি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস স্থানান্তর করতে গিয়ে শনিবার রাতে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শ্যামলকে সকালে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন উপজেলার রনকেলী গ্রামের রিছন আলীর ছেলে জাহিদ আহমদ (২২), টিকরবাড়ী এলাকার মাহমুদ আলীর ছেলে হাছন আহমদ (২৪), একই গ্রামের আব্দুল খালিকের ছেলে শ্যামল আহমদ (২০) ও ফজল আহমদ (২২)। এদিকে একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মের্সাস সুহেদ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী এলপি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি তার বিশাল সিন্ডিকেট ও এলপি গ্যাসের সিনিয়র টেকনিশিয়ান ইদ্রিছ আলমকে নিয়ে এলপি গ্যাসের সাড়ে ১২ কেজি ওজনের প্রতিটি সিলিন্ডার থেকে কৌশলে গ্যাস স্থানান্তর করে অপর সিলিন্ডারে ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছেন। স্থানীয়রা জানান, বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অনেকে অবহিত করলেও কোন প্রদক্ষেপ গ্রহণ না করায় গত শনিবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।