গাজীপুর সিটি করপোরেশন

পূবাইলকে চার ওয়ার্ডে বিভক্ত করায় স্মারকলিপি প্রদান

গাজীপুর সিটি করপোরেশনের প্রস্তাবিত ওয়ার্ড বিভক্তিকরণে সাবেক পূবাইল ইউনিয়নকে অযৌক্তিকভাবে ৪টি ওয়ার্ড করার প্রতিবাদে এবং উক্ত এলাকাকে ৬টি ওয়ার্ডে রূপান্তরিত করার দাবিতে গতকাল রবিবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, এলাকার দুজন সংসদ সদস্য এবং নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে কোন আলোচনা বা তাদের মতামত না নিয়ে ওয়ার্ড বিভক্ত করা হয়েছে। প্রস্তাবিত ওয়ার্ড বিভক্তিতে পাঁচ হাজার ভোটার নিয়ে ওয়ার্ড ভাগ করার বিধান থাকলেও সাবেক পূবাইল ইউনিয়নের ক্ষেত্রে তা মানা হয়নি। এছাড়া ওয়ার্ড বিভক্তিকরণে মৌজা অন্তর্ভুক্তিও সামঞ্জস্যপূর্ণ হয়নি। অনেক ক্ষেত্রে একটি মৌজার সঙ্গে পার্শ্ববর্তি মৌজা অন্তর্ভুক্ত না করে দূরবর্তী মৌজাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভোটারদের জন্য হয়রানিমূলক হবে। এমন অযৌক্তিকভাবে ওয়ার্ড বিভক্ত করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই স্মারকলিপিতে প্রস্তাবিত ৪টি ওয়ার্ডের স্থলে ৬টি ওয়ার্ডে বিভক্তিকরণে জোর দাবি করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে সাবেক পূবাইল ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা সুলতান উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জাহিদ আল মামুন, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, আবেদ হোসেন বুলবুল, নূরুল ইসলাম, আলাউদ্দিন, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন ।