দর্শনায় ওয়াগন ভেঙ্গে মালামাল লুটের চেষ্টা

দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে থাকা ওয়াগন ভেঙ্গে মালামাল লুটের চেষ্টায় ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ৯টায় রেল বন্দরে ১নং বিটের নিকট ভারতীয় মালবাহী ট্রেনের ওয়াগন ভেঙ্গে (পোল্ট্রি ফিড) ২০-২৫ জনের দুর্বৃত্তের দল মালামাল লুট করতে থাকে। খবর পেয়ে টহলরত রেল নিরাপত্তা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষ বেধে যায়। এ সময় নিরাপত্তা পুলিশের নায়েক শফিকুল ইসলাম ও মেহেরুল্লাহ রক্তাক্ত জখম হয়। পুলিশ রাতেই দর্শনা পাঠানপাড়ার জমির উদ্দিনকে (২৫) আটক করলে দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের অস্ত্র ছিনতাই করার চেষ্টা করে বলে পুলিশ জানায়। এ বিষয়ে দর্শনা আরএনবি কর্মকর্তা এসআই মনির হোসেন বাদি হয়ে পোড়াদহ জিআরপি থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে। সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে শিশুর মৃত্যু গত শনিবার দামুড়হুদা দর্শনা বাসস্ট্যান্ডে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের ধাক্কায় মায়ের সামনে শিশু সন্তানের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংজ্ঞাহীন মা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে দামুড়হুদার দর্শনা সুইপার পট্টির সুরেনের শিশু পুত্র পিয়াস (৮) তার মায়ের কথামতো পানি আনতে গিয়ে বাসস্ট্যান্ডের রাস্তা পারাপারের সময় পিছন থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহন ধাক্কা মারলে সে রাস্তায় ছিটকে পড়ে। প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে, পরে আশংকাজনক অবস্থায় রাজশাহীতে নেয়ার সময় তার মৃত্যু হয়।