এগার বছরেও সোনাতলা পৌরসভার নির্বাচন হয়নি

প্রতিষ্ঠার এগার বছরেও সোনাতলা পৌরসভার নির্বাচন না হওয়ায় পৌরবাসী নিরাশ হয়ে পড়েছেন। উন্নয়নে পিছিয়ে পড়েছে পৌরসভাটি। পৌরবাসীর এখন একটাই দাবি অবিলম্বে নির্বাচন চাই। সদর ও বালুয়া ইউনিয়নের ২৯টি গ্রাম নিয়ে ২০০১ সালে সোনাতলা পৌরসভা গঠিত হয়। পৌরসভা গঠনের পর জনৈক ব্যক্তি বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামসহ আরো কয়েকটি গ্রাম বাদ দেয়ার দাবিতে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন। কিছুদিন পর বাদী মামলাটি প্রত্যাহার করলে জনৈক ব্যক্তি রিট পিটিশন করেন। সীমানা সংক্রান্ত আদালতে মামলা থাকায় বালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন দীর্ঘদিন যাবত্ স্থগিত থাকে। পরবর্তীতে বালুয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম পৌরসভা থেকে কর্তন হলে ২০১১ সালে বালুয়া ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। এতে সোনাতলা পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে আর কোন বাধা নেই বলে জানান তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম। তারপরও আজ পর্যন্ত সোনাতলা পৌরসভার নির্বাচন হয়নি। আর নির্বাচন না হওয়ায় পৌরবাসীরা প্রাপ্য বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে নিয়মিত পৌরকর পরিশোধ করছেন না। এজন্য পৌরসভার রাজস্ব আয় সন্তোষজনক না হওয়ায় কর্মচারীদের বেতন মাসের পর মাস বকেয়া পড়ছে। তাই অবিলম্বে সোনাতলা পৌরসভার নির্বাচনের প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।