জমজমাট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৩ শুরু

িঁজএসএম অ্যাসোসিয়েশন (জিএসএমএ) ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী মোবাইল প্রযুক্তির এক অনন্য প্রদর্শনী হিসেবে চালু করে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস। ২০১১ সালে স্পেনের বার্সেলোনাকে জিএসএম মোবাইলের ওয়ার্ল্ড ক্যাপিটাল হিসেবে ঘোষণা করার পর থেকে এই আয়োজন নিয়মিত বার্সেলোনাতেই অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা অনুযায়ীই গত বছরে ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ৪ দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয় বার্সেলোনায়। সেখানেই এ বছরের আয়োজন শুরু হয়েছে গতকাল। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। গতকাল শুরু হওয়া এই আয়োজনে ইতোমধ্যেই সারা বিশ্বের বড় বড় সব মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানই তাদের চমক জাগানো নতুন সব মোবাইলের পসরা নিয়ে হাজির হয়েছে। আর মোবাইল ডিভাইস হিসেবে স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট পিসির যে রাজত্ব ক্রমেই প্রসারিত হচ্ছে, তার প্রমাণ রাখতেই ট্যাবলেট পিসি নির্মাতারাও নতুন নতুন সব ট্যাবলেট পিসি প্রদর্শন করছে এই আয়োজনে। হুয়াওয়ে, স্যামসাং, এলজি, এসার, আসুস, সনি এরিকসন, নকিয়া থেকে শুরু করে সকলেই যোগ দিয়েছে এই আয়োজনে। তাদের চমক জাগানো নতুন সব স্মার্টফোনের আগমন শুরু হয়েছে প্রথম দিন থেকেই। ইতোমধ্যেই চীনের মোবাইল জায়ান্ট হুয়াওয়ে এই প্রদর্শনীতে নিয়ে এসেছে তাদের অ্যাসেন্ড ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ফোন অ্যাসেন্ড পি২। হুয়াওয়ে দাবী করেছে, এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন। এলটিই ক্যাট ৪ চিপ ব্যবহার করা এটিই বিশ্বের প্রথম স্মার্টফোন। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর এতে ব্যবহূত ‘ম্যাজিক টাচ’ প্রযুক্তির ফলে গ্লোভস পড়া অবস্থাতেও এর টাচস্ক্রিন পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা যাবে। হুয়াওয়ে’র পাশাপাশি প্রদর্শনীর শুরুতেই স্যামসাং ঘোষণা দিয়েছে তাদের গ্যালাক্সি সিরিজের নতুন ট্যাবলেটের। গ্যালাক্সি নোট ৮.০ মডেলের এই ট্যাবলেট পিসি ব্যবহারকারীদের পূর্ণাঙ্গ মাল্টি-টাস্কিং সুবিধা প্রদান করবে বলেই জানিয়েছে স্যামসাং। অন্যদিকে এসার তাদের আইকনিয়া বি১ সিরিজের ১৬ জিবি স্টোরেজের নতুন সাশ্রয়ী ট্যাবলেট আনার ঘোষণাও দিয়েছে। আসুস, সনি এরিকসন আর ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোনও রয়েছে এই প্রদর্শনীতে। শুধু তাই নয়, নতুন মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে আসা ফায়ারফক্সও এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাদের অপারেটিং সিস্টেম প্রদর্শন করছে। এ রকম আরও অনেক চমকই বাকী তিন দিনের জন্য অপেক্ষা করছে বলেই জানিয়েছে আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। প্রদর্শনীর এই ডিভাইসগুলোই হয়ত এই বছরের সবচেয়ে বড় মোবাইল চমক হিসেবে পরিগণিত হবে।