প্রিয়.কমের ফ্রিল্যান্সার মিলনমেলা

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ এখন অনেক ভালো করছে। আর এর পেছনে রয়েছেন দেশের ফ্রিল্যান্সাররা। সফল এমন ১০০ জন ফ্রিল্যান্সারদের নিয়ে এক মিলনমেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রিয়.কম উদ্যোগে। ‘ওডেস্ক’ এবং ‘ইল্যান্স’-এর সহযোগিতায় ১০০ জন আমন্ত্রিত ফ্রিল্যান্সার যোগ দেন। তাদের মধ্যে থেকে ২০ জন নির্বাচিত সফল ফ্রিল্যান্সার তাদের সাফল্যের কথা শেয়ার করেন সকলের সাথে। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘ফ্রিল্যান্সাদের মাঝ থেকে আগামী দিনের উদ্যোক্তা বেরিয়ে আসবে। তাদের কাজ করার জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’ প্রথম আলোর ডেপুটি ফিচার এডিটর পল্লব মোহাইমেন বলেন, ‘ফ্রিল্যান্সারা আমাদের দেশের জন্য গর্বের। সরকার যদি এই খাতকে সহযোগিতা করে তাহলে আউটসোর্সিং থেকে সবচেয়ে বেশি আয় করা সম্ভব হবে।’ অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাওছার আহমেদ, হাসান জাকির, ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, ওডেস্কের মাহমুদ হাসান সানি, ফ্রিল্যান্সার ডট কমের মো. আলী আসগর, ফ্রিল্যান্সার সাঈদ ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিয়.কমের সম্পাদক জাকারিয়া স্বপন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ফ্রিল্যান্সার মিলনমেলার পাশাপাশি প্রিয়.কম-এর আয়োজনে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ ব্লগ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সহযোগিতা করছে স্মার্ট টেকনোলজিস ও বেসিস।