সিদ্ধিরগঞ্জে মা ও মেয়েসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও গোদনাইল এলাকা থেকে মা ও মেয়েসহ আট মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১ এর অভিযানে শুক্রবার রাতে সাইনবোর্ড এলাকার শাপলা গেস্ট হাউজ থেকে ৫ মাদক ব্যবসায়ী ও গোদনাইল এলাকা থেকে মা ও মেয়েসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার সামাদবানু কমপ্লেক্স এর শাপলা গেস্ট হাউজে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের আড়ালে মাদক ব্যবসা, পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপকর্ম চলে আসছে। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবী, যৌন কর্মী ও খদ্দেরদের ভিড় লেগে থাকত। র‌্যাবের একটি দল গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. আবু ছালেক মিয়া (৩৪), মো. শওকত খান (৩০), মো. শফিকুল ইসলাম (৪৫), মো. আবু মুসা সিকদার (১৮) ও মো. আ. ছাত্তার গাজীকে (৪৫) গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ২২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭০০ টাকা, প্রায় ১ হাজার পিস কনডম ও ৫০ পিস লুব্রিকেটিং জেল উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা শাপলা গেস্ট হাউজের মালিক। এরপর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন এই অধৈব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

এদিকে, শুক্রবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল কালাম (৪৫), কামরুন নাহার ওরফে পিংকি (২৮) ও তার মা রাবেয়া ওরফে শুক্লাকে (৪৮) গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: দুই যুবককে গ্রেফতারের প্রতিবাদে নান্দাইল মডেল থানা ঘেরাও

গ্রেফতারকৃত আবুল কালামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানা হলেও দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে বসবাস করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত পিংকি ও তার মা শুক্লাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে