পাহাড়ের ফুল ঝাড়ু যাচ্ছে শহরে

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ে ফুল ঝাড়ু বিক্রি করে অনেক দরিদ্র ও শ্রমজীবী পরিবার আর্থিকভাবে লাভবান হচ্ছেন। দরিদ্র মানুষের আর্থিক সংকট মোকাবেলায় ফুল ঝাড়ু সহায়ক ভূমিকা রাখছে। বহু শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজার চাহিদা পূরণ করে ফুল ঝাড়ু যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকা শহরে। সরেজমিনে দেখা যায়, উপজেলায় চৌমুহনী এলাকায় মাঠ জুড়ে ফুল ঝাড়ু বাঁধার কাজ করছেন শ্রমিকরা। রোদে শুকানো হচ্ছে ফুল ঝাড়ু। বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ফুল ঝাড়ু শুকানো হচ্ছে। চৌমুহনীর মাঠে ফুল ঝাড়ু বাঁধার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, একজন শ্রমিক প্রতিদিন ৩০০ টাকায় কাজ করছেন। অন্তত: দেড় মাস তারা এ কাজ পাবেন এখানে। ফুল ঝাড়ু মৌসুম শেষ হওয়া পর্যন্ত তারা এ কাজ করতে পারবেন। দরিদ্র ও শ্রমজীবী মানুষ ফুল ঝাড়ু সংগ্রহে যাচ্ছেন পাহাড়ে বন-জঙ্গলে। এখন ঝুল ঝাড়ু সংগ্রহ দরিদ্র মানুষের জন্য একটি নতুন কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে। অনেক ব্যবসায়ী ফুুল ঝাড়ুর জন্য অগ্রিম টাকা দেন। বাজারে প্রতি হাজার ফুল ঝাড়ুর কঞ্চির মূল্য সাড়ে ৩০০ টাকা থেকে ৪০০ টাকায় বেচাকেনা হয়। একজন লোক প্রতিদিন ১ হাজার থেকে ১২০০ ফুল ঝাড়ুর কঞ্চি সংগ্রহ করতে পারে। সেই হিসেবে একজনের প্রতিদিনের আয় দাঁড়ায় ৩০০ টাকা থেকে ৪০০ টাকা। বর্তমানে কমপক্ষে পাঁচ শতাধিক লোক কোনো না কোনো ভাবে এ পেশায় রয়েছেন।