ত্রিশালে রূপালী ব্যাংকের শাখা
স্থানান্তরের প্রতিবাদে ধর্মঘট
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১২
ত্রিশালে রূপালী ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী গত রবিবার ব্যাংক ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এছাড়া এই ঘটনার প্রতিবাদে সোমবার ধর্মঘট পালন করে স্থানীয় ব্যবসায়ীরা।
জানা যায়, কোন কারণ না দেখিয়েই কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার পোড়াবাড়ী রূপালী ব্যাংকের শাখা কার্যালয় পার্শ্ববর্তী ফুলবাড়িয়ায় স্থানান্তর করে। কর্তৃপক্ষ হঠাত্ করেই কার্যালয়ে তালা ঝুলিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়। এ খবর জানাজানি হলে এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে রবিবার সকাল থেকেই ব্যাংকের সামনে অবস্থান নেয় এবং পোড়াবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ব্যাংকের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন জুয়েল, ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আঃ কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম খান, আজাহারুল ইসলাম মেম্বার প্রমুখ। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি গতকাল সোমবার পোড়াবাড়ী বাজারের সকল ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়।