কলাপাড়ায় বন উজাড়
বন কর্মকর্তাদের যোগসাজশে
পাচার হচ্ছে সুন্দরী কাঠ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
কলাপাড়ায় বন কর্মকর্তাদের যোগসাজশে রাতের আঁধারে বন উজাড় করে পাচার করা হচ্ছে শত শত সুন্দরী কাঠ। স্থানীয়রা বন কর্মকর্তাদের খবর দিলেও তারা আটক না করায় দেখা দিয়েছে চরম ক্ষোভ। সরেজমিন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ফ্যাতরা থেকে সুন্দীর গাছ কেটে ট্রলার ভর্তি করে নিয়ে আসা হয় উপজেলার লতাচাপলি ইউনিয়নের নাইউরি-পাড়াসহ বিভিন্ন স্থানে। বুধবার সন্ধ্যার পরে আলীপুর বাজার থেকে পশ্চিম দিকে যাবার সময় পাঁচটি ভ্যান গাড়িতে করে পিচ করা শতাধিক সুন্দরী কাঠ পাচার করতে দেখা গেছে। বিষয়টি এলাকাবাসী বন কর্মকর্তাদের জানালেও তারা ঘটনাস্থলে এসে তা আটক করেনি। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এভাবে প্রতিদিন রাতের অন্ধকারে ভ্যানগাড়ির আলো নিভিয়ে সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির কাঠ পাচার করা হয়। তারা বন কর্মকর্তাদের জানালেও কোন ব্যবস্থা নেয় না।
ভ্যানচালকরা জানায়, তারা ভাড়ায় নাইউরিপাড়ার রাখাইন উমুচির বাড়ি থেকে কাঠগুলো আলীপুর বাজার সংলগ্ন কালাচান পাড়ায় নিয়ে যাচ্ছেন। এভাবে প্রায় রাতে কাঠ টানার কাজ করেন বলেও তারা জানান। এব্যাপারে আলীপুুর বিটের বন কর্মকর্তা আ.বারি জানান,“ঘটনার সময় কুয়াকাটায় অবস্থান করায় পাচারকারীদের আটক করা যায়নি। তবে খুঁজে বের করার চেষ্টা চলছে।”