আগামীকাল ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন যানবাহনযোগে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
ইসি পক্ষ থেকে জানানো হয়, 'রবিবার মোট ৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ইভিএম প্রদ্ধতিতে ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার ভোট প্রদান করবেন।'
এ বিষয়ে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, 'প্রথমবারের মত অনুষ্ঠিত এই নির্বাচনে সব ধরনের নিরাপত্তা বিধানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও তিনজন করে পুলিশ সদস্য থাকবে। পাশাপাশি নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তায় ২২ প্লাটুন বিজিবি, র্যাবের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে), পুলিশের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে) ও ১১টি স্ট্রাইকিং দল থাকবে।'
তিনি আরও জানান, 'প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনকালীন সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে সাজা প্রদানে ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।'
আরও পড়ুন: প্রায় ৩০ ঘন্টা বন্ধ পর চট্টগ্রাম বন্দর সচল
উল্লেখ্য, নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় ইতোমধ্যেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/জেডএইচডি