গফরগাঁওয়ে এলজিইডি
অফিসে নৈশপ্রহরীর
আত্মহত্যা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে এলজিইডি অফিসের নৈশপ্রহরী আবুল কালাম (৩৮) রবিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, ২ সন্তানের জনক আবুল কালাম রবিবার রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রী ফিরোজা বেগমকে মোবাইলে জানায় এটাই তার শেষ কথা। ফিরোজা বেগম বাসা থেকে বের হয়ে এলজিইডি অফিসে এসে দেখে তার স্বামী হিসাবরক্ষকের রুমে সিলিং ফ্যানের সাথে কাপড় বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদসহ লোকজন তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে। নৈশপ্রহরী আবুল কালামের স্ত্রী ফিরোজা বেগম বিলাপ করতে করতে জানায়, তাদের সংসারে কোন অশান্তি ছিল না। তার স্বামী অফিসের কোন কারণে কিংবা ঋণের দায়ে আত্মহত্যা করে থাকতে পারে।