কুমিল্লায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দু’দিন পর আল-আমিন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার জেলার সদর উপজেলার সানারচর এলাকার একটি জলাশয় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত আল-আমিন পাঁচথুবীর ফয়েজ আহমেদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচথুবী এলাকার ফয়েজ আহমেদের ছেলে আল-আমিন গত ২২ ফেব্রুয়ারি বিকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বহু খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পিতা ফয়েজ আহমেদ কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে রবিবার দুপুরে শালধর সংলগ্ন সানারচর এলাকার একটি জলাশয়ে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত লাশটি আল-আমিনের বলে শনাক্ত করে তার অভিভাবকরা। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, উদ্ধারকৃত লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কোন মোটিভ জানাতে পারেনি পুলিশ।