গোপালগঞ্জে যুব প্রশিক্ষণের খাবার খেয়ে ১৬ জন অসুস্থ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের খাবার খেয়ে ১৬ প্রশিক্ষণার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে মর্জিয়া, তানিয়া, যমুনা, রুনা, নাজরীন, সারমিনকে টুঙ্গিপাড়া ও তাফিয়া এবং তানিয়াকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ১৫ বছরের মধ্যে। গতকাল রবিবার রাতে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রের ৪০ শিশু শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্রে হাঁস-মুরগী পালনের ওপর আড়াই মাসের প্রশিক্ষণে অংশ নেয়। রবিবার দুপুরে প্রশিক্ষণ কেন্দ্রের খাবার খেয়ে তারা ফিল্ড ভিজিটে যায়। সেখান থেকে ফিরে পাটগাতী বাজারের মুসলিম সুইটসের দোকান থেকে মিষ্টি খায়। সন্ধ্যায় তারা শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রে ফিরে আসে। এরপর এদের মধ্যে ১৬ জন অসুস্থ হয়ে পড়ে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.খলিলুর রহমান, সাম সেবা অধিদপ্তরের ডিডি কাজী তরিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অসুস্থ শিশু তাফিয়া জানায়, পেটব্যথা. মাথা ঘুল্লি দিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি। তারপর আমাদের হাসপাতালে ভর্তি করা হয়।