নাইক্ষ্যংছড়িতে শিক্ষক খুন, গ্রেফতার দুই

উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করেছে। গত রবিবার রাত সাড়ে ১১ টায় ঘুমধুম বড়বিল বাজারে এ ঘটনাটি ঘটে। ঘুমধুম ইউনিয়নের রেজু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘুমধুম বড়বিল গ্রামের মৃত উলামিয়ার পুত্র মোহাম্মদ শফি (৩৫) গত রবিবার রাত সাড়ে ১১টায় বাড়ির পার্শ্বস্থ বড়বিল বাজারে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওতপেতে থাকা ১৮/২০ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়ে স্কুলশিক্ষক। এলাকাবাসী তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থলে ঝটিকা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত মনজুর আলম (৫০) ও তার পুত্র জাহিদ আলমকে (২৮) গ্রেফতার করে। এব্যাপারে নিহত স্কুলশিক্ষকের স্ত্রী রুমা আকতার বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, অন্যান্য আসামিকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রাখা হয়েছে।