সাতক্ষীরায় চাঁদা
না পেয়ে চিংড়ি
পোনা ছিনতাই
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
সাতক্ষীরায় হরতাল চলাকালে হুমকির মুখে চাঁদা চেয়ে না পাওয়ায় কক্সবাজার থেকে আসা পিকআপ ভর্তি বারো লাখ চিংড়ি পোনা ছিনতাই হয়ে গেছে।
শহরের পলাশপোল এলাকায় আসার পর রবিবার পিকআপসহ এই পোনা কয়েকজন সন্ত্রাসী জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর ছিনতাইকৃত গাড়িসহ চালককে ছেড়ে দিলেও তারা চিংড়ি পোনা নিয়ে গেছে। চট্টগ্রামের মডার্ন হ্যাচারির সাতক্ষীরা অফিস ম্যানেজার মো. জসিম জানান, কক্সবাজার থেকে বিমানে যশোর আনার পর ওই পোনা পিকআপে সাতক্ষীরা আনা হচ্ছিল।
তিনি জানান, কয়েকজন সন্ত্রাসী দুপুরে এসে তার কাছে মোটা অংকের চাঁদা চায়। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করায় তারা প্রধান সড়কে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর পোনাসহ পিকআপটি যশোর থেকে আসার পরই তারা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর গাড়ির চালক জুনিয়র ও ইলিয়াসকে তারা গাড়িসহ ফেরত পাঠালেও চিংড়ি পোনা ফেরত দেয়নি। সাতক্ষীরা সদর থানা-পুলিশ এই পোনা উদ্ধারের চেষ্টা করছে বলে তিনি জানান।