দীঘিনালায় প্রধান শিক্ষককে
সংবর্ধনা দিল এলাকাবাসী
দীঘিনালায় (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
দীঘিনালায় মফস্বলে অবস্থিত পাবলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত কয়েক বছর ধরে শত ভাগ পাস করায় এলাকাবাসী প্রধান শিক্ষককে সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা পাওয়া সেই শিক্ষকের নাম ঝিনু চাকমা। তার সাথে কথা বলে জানা গেছে, ২০০৬ সনের ১৮ এপ্রিল এ বিদ্যালয়ে যোগদান করেন। যোগদান করার পর থেকেই কিভাবে পিছিয়ে পড়া এ বিদ্যালয়ের ফলাফল ভালো করা যায় সে ব্যাপারে সব সময় অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনাসহ বিভিন্ন সময় মতবিনিময় এবং ম্যানেজিং কমিটির সাথে সমন্বয় করে স্কুলের কার্যক্রম অব্যাহত রেখেছেন। স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের নিয়মিত বিদ্যলয়ে উপস্থিতি ক্লাস মনিটরিংসহ সকল নিয়মাবলী সঠিকভাবে তদারকি করতেন। তার অসাধারণ কৃতিত্বের জন্য উপজেলা পর্যায়ে ২০০৯ ও ২০১১ সালে দুইবার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পান। তারই ধারাবাহিকতায় কয়েক বছর ধরে ফলাফল জরিপে দেখা যায়, ২০০৬ সনে ৫, জন ২০০৭ সনে ৭ জন, ২০০৮ সনে ৬ জন, ২০০৯ সনে ৬ জন, ২০১০ সনে ৫ জন, ২০১১ সনে, ৮ জন এবং ২০১৩ সনে জিপিএ ৫ পেয়েছে, ৮ জন। এ ফলাফল ধরে রাখার জন্য গত ১৪ ফেব্রুয়ারি এলাকাবাসী নিজ উদ্যোগে সংবর্ধনা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেবরঞ্জন চাকমা। প্রধান অতিথি হিসাবে ছিলেন, দিঘিনালা উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা, শিক্ষক সুজিত বড়ুয়া, মুকুল কান্তি দেওয়ান, কমল চাকমা, অভিভাবক নিখিল দেওয়ান, সুদিব্য দেওয়ান প্রমুখ।