চাতলা স্থলবন্দর

ব্রিজে ট্রাক আটকে পণ্য পরিবহন বন্ধ

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর স্থলবন্দর সড়কের কানিহাটি চা বাগান সংলগ্ন জোড়া ব্রিজে চিপ পাথর বোঝাই ট্রাক দুর্ঘটনাকবলিত হয়েছে। ফলে দু’দিন ধরে ভারতে রপ্তানিকৃত চিপপাথর বোঝাই ট্রাকসহ যানবাহনসমূহ আটকা পড়েছে। গত শনিবার বিকালে দু’টি সিএনজিকে ক্রস করতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনাকবলিত হয়। রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, প্রতিদিনই এ সড়ক ব্যবহার করে বাংলাদেশ থেকে গড়ে ১০ থেকে ১৫টি ট্রাকে করে পণ্য ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানি করা হয়। শনিবার সন্ধ্যায় ট্রাকটি সেতুর উপর দুর্ঘটনাকবলিত হলে দু’দিন ধরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা সড়ক ও জনপথের কর্মকর্তা দেবাশীষ দে জানান, সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। শনিবার থেকে ট্রাক আটকা পড়ায় এখন জরুরীভিত্তিতে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে সরাসরি সড়ক যোগাযোগ চালু করার চেষ্টা চলছে।