সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
দর্শনায় মুক্তিযোদ্ধার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়েছে
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল সোমবার দর্শনা পৌরসভার হঠাত্ পাড়া গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে কার্টনে ভর্তি করে কাফনের কাপড় পাঠিয়েছে। পুলিশ কার্টনটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে এসেছে্। পুলিশ জানায় ঐদিন বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গেট খুলেই সমনে কার্টনে ভর্তি করা কাফনের কাপড়, আগর বাতি, মোমবাতি বাতি, গোলাপ জল ও সাবান দেখে হতবাক হয়ে যায়।
কাঠালিয়া দরবার শরীফের ওয়াজ মাহফিল শেষ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠি কাঠালিয়ার অলি এ কামেল ৫২ মৌজার খলিফা হযরত আ. জব্বার মিঞাজীর প্রতিষ্ঠিত চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সোমবার সকালে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
নাসিরনগরে পুরস্কার বিতরণ
নাসিরনগর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ডিগ্রী কলেজের তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পাথরঘাটায় বিনামূল্যে সংগ্রামের স্বাস্থ্যসেবা
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা\ বরগুনা পাথরঘাটায় বেসরকারি সংস্থা সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি (সংগ্রাম) বাস্তবায়নে ও সমৃদ্ধি প্রকল্পের আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গত সোমবার চৌধুরী মাসুম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ সেবা প্রদান করা হয়।
ধামরাইয়ের সূতিপাড়ায় বাল্য বিয়ে প্রতিহত
ধামরাই সংবাদদাতা \ ২৪ ফেব্রুয়ারি উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের গত বছর এসএসসি পাস করা পুত্র মো. শাকিল আহমদের সাথে একই ইউনিয়নের সূতিপাড়া গ্রামের আব্দুস সামাদের ৮ম শ্রেণিতে পড়ুয়া কন্যা সানজিদা আক্তারের বিয়ের আয়োজন করা হয়। বর এবং কনে উভয়ই অপ্রাপ্ত বয়স্ক। স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা ঘটনাস্থলে যান এবং তার হস্তক্ষেপে বাল্য বিয়ে প্রতিহত হয়। চেয়ারম্যান রোমার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
রায়পুরা পিটিআই-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউিট (পিটিআই)এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হয়।
পিটিআই সুপারিন্টেন্ট উষা রাণী হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুঁইয়া।
চৌদ্দগ্রামে সাত দোকান পুড়ে ছাই
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রামে গতকাল সোমবার আগুনে পুড়ে ছাই হয়েছে ৭টি দোকান। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গুণবতী ইউনিয়নের ময়ুরপুরে হাজী শেখ আহমদ সওদাগর মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।
চাটমোহর মেয়রের ভাষা শহীদ স্মৃতি সম্মাননা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর পৌরসভার মেয়র মো. হাসাদুল ইসলাম হীরা সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ভাষা শহীদ স্মৃতি সম্মাননা পেয়েছেন। ২৩ ফেব্রুয়ারি ঢাকা যাদুঘর মিলনায়তনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। স্বাধীনতা সংসদের সভাপতি মো. শাহেদ আহমেদের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভাষা সৈনিক আব্দুল মতিন।
সোনাকান্দা দরবার শরীফের মাহফিল আজ
কুমিল্লা প্রতিনিধি \ আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার কুমিল্লা মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে ইছালে ছাওয়াবের মাহফিল। দু’দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে প্রতিবছরের ন্যায় এবারও দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম ও বিভিন্ন দরবার শরীফের পীর ছাহেবগণ বয়ান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
দুর্গাপুরে ছাত্রলীগের সংবাদ সম্মেলন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা\ রবিবার নেত্রকোনা দুর্গাপুরে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে ৩শ’ ছাত্রলীগ কর্মীর উপস্থিতিতে মোমেন ইবনে সাঈদ স্ট্যালিন দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। বক্তব্যে স্ট্যালিন বলেন, দুর্গাপুর উপজেলায় দীর্ঘ ১১ বছর ছাত্রলীগের আহবায়ক কমিটি দিয়ে কাজ চালানো হচ্ছে।
বরগুনায় পাঠাগার উদ্বোধন
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনার আমতলী উপজেলার তারিকাটা গ্রামে ঐতিহ্যবাহী তালুকদার বাড়িতে রবিবার সিরাজুল ইসলাম তালুকদার পাঠাগারের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক এমপি মো. মতিয়ার রহমান তালুকদার।
মিরসরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মিরসরাই সংবাদদাতা\ মিরসরাই উপজেলার সাড়ে ৫ লক্ষাধিক জনগণের দীর্ঘ ২২টি বছরের দাবি ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। রবিবার উপজেলার সদর ইউনিয়নের মিরসরাই রেল স্টেশন সড়কের উত্তর তালবাড়ীয়া এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ দীর্ঘ ১০ বছর পরে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
গোপালগঞ্জে শিশু আনন্দমেলা
গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জে শুরু হয়েছে শিশু আনন্দমেলা। এ উপলক্ষে রবিবার একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।
তারাগঞ্জে মতবিনিময় সভা
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ রংপুরের তারাগঞ্জ হাটের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, হাট ইজারাদার ও হাটের দোকান মালিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা রবিবার তারাগঞ্জ হাটের গরুহাটি চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কুর্শা ইউনিয়ন পরিষদের আয়োজনে বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম জাহিদ।
বাঁশখালীতে দিনমজুরের মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা\ বাঁশখালীতে গাছের ডাল কাটতে গাছের উপরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামালউদ্দিন (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম পালেগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
পীরগঞ্জ আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন
পীরগঞ্জ(রংপুর)সংবাদদাতা\ রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার মহিলা কলেজের অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ১৭৭ ভোট পেয়ে মোতাহারুল হক বাবলু ও ২০৫ ভোট পেয়ে সম্পাদক পদে মিয়া মো. তাজিমুল ইসলাম শামীম নির্বাচিত হয়েছেন।
নাগেশ্বরীতে তোরণ উদ্বোধন
নাগেশ্বরী সংবাদদাতা\ নাগেশ্বরীতে বণিক সমিতির অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ গণি তোরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার তোরণের উদ্বোধন করেন নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান মিয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা বণিক সমিতির সভাপতি নুরন-নবী দুলাল, সাধারণ সম্পাদক আনিচুর রহমান জিন্নু, আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান।
পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও যুবক নিহত
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ রবিবার দু’টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও মোটর সাইকেল উল্টে চালকের মৃত্যু হয়েছে। রবিবার ঘাঘড়া-পূর্বধলা সড়কের কাপাসিয়া এলাকায় ২টি টেম্পোর মাঝে মুখোমুখি সংঘর্ষে স্মৃতি (৪) নামে এক শিশু টেম্পো থেকে ছিটকে পড়ে আহত হয়। তাকে দ্রুত পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। একই দিন কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামের আবু তালেবের পুত্র প্যারামেডিক্যাল কলেজের শিক্ষক আবু সিদ্দিক (৪৪) নেত্রকোনা থেকে মোটর সাইকেলযোগে হুগলা যাবার পথে পূর্বধলা-হুগলা সড়কে মোটর সাইকেল উল্টে মৃত্যু হয়।
বরগুনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
বরগুনা (উত্তর) প্রতিবেদক \ রবিবার বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওসমান গণি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
নাগরপুরে আওয়ামী লীগ নেতার গণসংযোগ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৬ (নাগরপুর) আসনে সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আহসানুল ইসলাম টিটু শুক্রবার উপজেলা আওয়ামী লীগ সহ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নাগরপুর, গয়হাটা, বেকড়া ও সলিমাবাদ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছে। টিটু উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত সভা, সমাবেশ চালিয়ে যাচ্ছে।
আলীকদমে শিক্ষা কৌশল প্রণয়ন কর্মশালা
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা\ পার্বত্য এলাকায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বান্দরবানের আলীকদমে উপজেলা পর্যায়ে শিক্ষা কৌশল প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিএচটিডিএফ-ইউএনডিপির সহযোগিতায় রবিবার উপজেলা রিসোর্স সেন্টারে কর্মশালার আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
তালায় ঋণগ্রস্ত ব্যক্তির আত্মহত্যা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরা তালা উপজেলার আটারই গ্রামে হায়দার আলী গাজী (৬০) নামের এক ঋণগ্রস্ত ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তার পিতার নাম মৃত. জালালউদ্দীন গাজী। গতকাল সোমবার সকালে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রায়গঞ্জে গৃহবধূর আত্মহত্যা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের হাটইছলা গ্রামে। সলঙ্গা থানা পুলিশ গতকাল সোমবার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।
ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালত
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ডুমুরিয়া উপজেলা সদরে গতকাল সোমবার আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত ওষুধের দোকান, লাইব্রেরী ও খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চলমান নসিমন-করিমন ও মটর সাইকেল চালকদের ওপর অভিযান চালিয়ে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
নন্দীগ্রাম যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম উপজেলায় গত ২৫ ফেব্রুয়ারি জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার ও সা. সম্পাদক আলহাজ্ব আরাফাতুর রহমান আপেলসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক আলেকজান্ডারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের নেতা আ.মান্নান ও বিএনপি সভাপতি একে আজাদ প্রমুখ।