নির্বাচনের আগে ব্যাংকের অর্থ দিয়ে কেনা কম্বল সরকারদলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিতরণের সরকারি উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। দলটি চায়, প্রয়োজনে ব্যাংকগুলো নিজ উদ্যোগে কম্বল বিতরণ করুক। গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ দাবি জানান। তার স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের রাজনৈতিক বিবেচনায় তালিকা করার প্রক্রিয়া বন্ধ করার দাবি সংবলিত আরেকটি অভিযোগ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কমিশনে জমা দেয়া হয়।
নির্বাচন কমিশনে জমা দেয়া চিঠিতে মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নামে কম্বলসহ বিভিন্ন সামগ্রী আওয়ামী লীগের প্রার্থী ও তাদের নেতাকর্মীদের মাধ্যমে বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য বাংলাদেশের ব্যাংক মালিক এসোসিয়েশনের কাছে এক কোটি কম্বল সহায়তা চাওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আমরা মনে করি ব্যাংকের তহবিলের অর্থ জনগণের। এটা কোনো এসোসিয়েশনের কিংবা ব্যাংক মালিকদের একার অনুদান নয়। আমরা ব্যাংকের এ তহবিলের মাধ্যমে শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণের মোটেই বিপক্ষে নই। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও শীতার্ত জনগণের কম্বল এবং ত্রাণসমাগ্রী প্রাপ্তি নিশ্চিতকরণের স্বার্থে আমাদের দাবি— এ অর্থের মাধ্যমে কম্বল ও ত্রাণসামগ্রী ক্রয় করে প্রতিটি ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে জনগণের মধ্যে বিতরণ করুক। এ ধরনের কম্বলে দলীয় নেতাকর্মীদের ত্রাণ তত্পরতা চালানো নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লংঘন।