কুমিল্লার তিতাসে দু’গ্রুপের সংঘর্ষে ৩৫ জন আহত
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৩
গত সোমবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে বিবদমান দু’টি গ্রুপের মধ্যে র্যাব ও পুলিশের উপস্থিতিতে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ৩৫ জন আহত হয়। আহতদের দাউদকান্দির গৌরীপুর হাসপাতাল ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের ফারুক চেয়ারম্যান ও শাহ আলম শান্তি গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের মধ্যে গত রবিবারও সংঘর্ষ, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবারে র্যাবের একটি দল শাহপুর গ্রামে গেলে তাদের উপস্থিতিতেই উভয় গ্রুপ গোলাগুলি শুরু করে। এতে জাহাঙ্গীর, রিপন, লিটন, ওয়াসিম, সজিব, ফয়সল, বিল্লাল ও মনির হোসেন মারাত্মকভাবে আহত হয়। এসময়ে হাজু মোল্লার ঘরসহ বেশ কিছু ঘর-বাড়ি লুটপাট হয়। পুলিশ এপর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গ্রামের সাধারণ মানুষ চরম আতংকে দিন কাটাচ্ছেন।