গোয়ালন্দে সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্মারকলিপি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম অভিযোগ পাওয়া গেছে। তার অপসারণ দাবিতে রবিবার শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগে জানায়, ভর্তি ফির সাথে বিভিন্ন কাজের খাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করে সরকারি খাতে মাত্র ২৪ টাকা জমা করা, কম্পিউটার ল্যাবে যেতে বাধা দান, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করা, খেলাধুলার সামগ্রি চাইলে নির্যাতন, ম্যাগাজিন বের করার নামে অর্থ আদায়, কমনরুম বাবদ ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরাসহ ওই শিক্ষকের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সকালে তারা স্মারকলিপিটি জমা দেয়। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তারও উপস্থিত ছিলেন। অভিযোগের আলোকে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউএনওসহ অন্য সদস্যরা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের কথা শুনেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও মোঃ ছরোয়ার হোসেন স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি শুধু ক্লাস পরিচালনা দায়িত্ব পালন করি। এছাড়া আমার উপরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন।