দেবহাটা সীমান্তে নারী শিশুসহ বার রোহিঙ্গা আটক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৬
সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় গত সোমবার সকালে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত আলি আহমেদ, দলু বেগম, জান্নাত আরা, খুরশিদা বেগম, মাজুমা, আবু হাসান, আবু হাসিম, ইউনুছ, শওকতআরা, শাহ আলম, রফিক ও লায়লা মিয়ানমারের আক্কাপ জেলার তাম্ব্রুবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দেবহাটা থানার ওসি কাজী দাউদ জানান, গত ১৬ ফেব্রুয়ারি উক্ত ১২জন রোহিঙ্গা মিয়ানমার সীমান্ত পার হয়ে কক্সবাজারে আসে। ভাল চাকরি দেয়ার নাম করে ভারতে পাচারের জন্য জসিম ও ফরিদ নামের দুই দালাল তাদেরকে সাতক্ষীরার দেবহাটার আব্দুর রউফের বাড়িতে নিয়ে আসে। সেখান থেকে এক কিশোরীকে অপর দালালের মাধ্যমে আলাদা করে ধর্ষণ করা হয়েছে বলে ওই কিশোরী পুলিশকে জানিয়েছে। দেবহাটা থানার এস আই হায়াত্ মাহমুদ তাকে রহমান নামে এক দালালের বািড় থেকে উদ্ধার করে। বাকিদের রউফের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে স্থানীয় বেসরকারি সংস্থা সিডাব্লিউসিএস’র শেল্টার হোমে রাখা হয়।এ ঘটনায় দেবহাটা থানায় নারী পাচারকারী চক্রের সদস্য রহমান ও আব্দুর রউফসহ ৮জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখার জন্য পাঠানো হয়।