অ্যান্ড্রয়েডের জন্য ‘আমার বাংলা ভাষা’

সময়টা মোবাইল ডিভাইসের, সময়টা স্মার্টফোনের। আজকাল তাই আমাদের দেশেও স্মার্টফোনের প্রচলন শুরু হয়েছে। স্মার্টফোনের মধ্যে আবার স্বল্পমূল্যের কারণে অ্যান্ড্রয়েড ফোনের কদরটাই আমাদের দেশে বেশি। অ্যাপল’র আইফোনের উচ্চমূল্যও আমাদের দেশে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। দেশিয় কিছু প্রতিষ্ঠানও এখন অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনছে। অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যবহার বাড়ার সাথে সাথে দেশিয় কনটেন্ট তৈরিরও একটি প্রবণতা শুরু হয়েছে। স্মার্টফোনের বিশ্বব্যাপী যে অব্যাহত চাহিদা রয়েছে, তার মূলেই রয়েছে এতে নানা ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। তাই পশ্চিমা বিশ্বে যেখানে নিজেদের অ্যাপ্লিকেশনের ছড়াছড়ি, স্মার্টফোনের প্রচলনের মতোই দেশিয় অ্যাপ্লিকেশনের পরিমাণও তাই কম। তবে সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েডের জন্য বেশকিছু অ্যাপ্লিকেশন তৈরি করেছে দেশিয় কিছু প্রতিষ্ঠান। এই রকমই একটি চমত্কার বাংলা অ্যাপ্লিকেশনের নাম ‘আমার বাংলা ভাষা’। আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলাকে নিয়েই তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। ইতোমধ্যেই গুগল’র অ্যন্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাণ্ডার ‘গুগল প্লে স্টোর’-এ যুক্ত করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি যার মাধ্যমে আমাদের মাতৃভাষাকে জানার সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে ‘আমার বাংলা ভাষা’ লিখে সার্চ দিলেই পাওয়া যাবে অ্যাপ্লিকেশনটি। http://goo.gl/DwUXf সংক্ষিপ্ত লিংকে গেলেও সরাসরি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর এরপর এটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করলেই পাবেন বাংলা ভাষার ইতিহাস থেকে শুরু করে বাংলা ভাষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। এই অ্যাপ্লিকেশন তৈরির অন্যতম মূল লক্ষ্যই হচ্ছে বিশ্ববাসীর কাছে, বিশেষ করে তরুণ সমাজের কাছে বাংলা ভাষার ইতিহাস এবং ভাষা আন্দোলনের ইতিহাসকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। এই অ্যাপ্লিকেশনে ঢুকলেই পাওয়া যাবে বিভিন্ন অপশন। এসবের মধ্যে রয়েছে ইতিহাস, আর্কাইভ, ভাষা সৈনিক, তথ্যকণিকা প্রভৃতি ট্যাব। প্রতিটি ট্যাব থেকেই সংশ্লিষ্ট তথ্যগুলো পাওয়া যাবে বিস্তারিত আকারে। ইতিহাস বিভাগে ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। আবার ভাষা সৈনিক অংশে গিয়ে ভাষা সৈনিকদের পরিচিতি এবং ভাষা আন্দোলনে তাদের অবদানকেও তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, এই অ্যাপ্লিকেশনে বাংলা একাডেমী নিয়েও বিভিন্ন তথ্য সংযোজিত করা হয়েছে। আর প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট তথ্যই শুধুই নয়, রয়েছে সংশ্লিষ্ট ছবিও। আর ভাষা আন্দোলনের সময়কার অনেক দুর্লভ ভিডিও এই অ্যাপ্লিকেশনকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছে। বাংলা ভাষাকে আরও ভালোভাবে জানতে এই অ্যাপ্লিকেশনটি সহায়তা করবে। বিশেষ করে এখনকার তরুণ প্রজন্মের মধ্যে যারা বাংলা ভাষা, ভাষা আন্দোলন প্রভৃতি বিষয়ে জানতে চান, কিন্তু সহজ কোনো সূত্র পান না, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে। পাওয়ারগ্রুপবিডি’র তৈরি করা এই অ্যাপ্লিকেশনের আরেকটি শক্তিশালী দিক হচ্ছে, বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই এটি ব্যবহারের সুযোগ রয়েছে। বাংলার প্রতি দায়বদ্ধতা থেকেই যে অ্যাপ্লিকেশনটি তৈরি করা, তা ফুটে ওঠে অ্যাপ্লিকেশনের বর্ণনা থেকেই। এখানে নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মাতৃভাষা হিসেবে বাংলাকে পাওয়ার জন্য যে দীর্ঘ রক্তঝরা ইতিহাস, তা অনেকেই জানেন না ঠিকমতো। ... তরুণ সমাজ এখন স্মার্টফোনের দিকে ঝুঁকছে। আমরা তাদের মতো করেই এই ইতিহাসটা তুলে ধরতে চেয়েছি। সুযোগ করে দিতে চেয়েছি মাতৃভাষার ইতিহাসটা জানার।’ অ্যাপ্লিকেশনটি যারা ইতোমধ্যেই ব্যবহার শুরু করেছেন, তারাও প্রশংসা করছেন অ্যাপ্লিকেশনটির। ভাষা আর ভাষার ইতিহাস নিয়ে অ্যান্ড্রয়েডের জন্য এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হোক, এই আশাবাদ রইল অ্যাপ্লিকেশনটির জন্য।