গ্যাজেটস
হীরক-সোনায় মোড়ানো ম্যাকবুক প্রো
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
প্রযুক্তি পণ্যে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। আজকের পণ্যটি দ্রুতই পুরোনো হয়ে যাচ্ছে। আগামীকালের পণ্যের দিকেই যেন ছুটছে প্রযুক্তি বিশ্ব। তবে প্রযুক্তি পণ্য কেবল প্রযুক্তি আর ফিচারের মধ্যেই সীমাবদ্ধ নেই। ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেও এখন প্রযুক্তি পণ্যের জুড়ি নেই। সেইসাথে বিলাসবহুল পণ্য হিসেবেও প্রযুক্তি পণ্য এগিয়ে রয়েছে। আর তাই বিভিন্ন সময়ে সোনা বা হীরা দিয়েও মোড়ানো হয় প্রযুক্তি পণ্যকে। তেমনি এবারে অ্যাপল’র ম্যাকবুক প্রো’র একটি মডেল ডিজাইন করা হয়েছে সোনা দিয়ে। এর কেসিংয়ে ব্যবহার করা হয়েছে পুরো ২৪ ক্যারেটের সোনা। আর এতে অ্যপল লোগোটি ডিজাইন করা হয়েছে বিভিন্ন রঙের হীরা বসিয়ে। ফলে এই ম্যাকবুক প্রো পরিণত হয়েছে একটি চরম বিলাসী পণ্যে। এর দাম গিয়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ডলার! টাকায় রূপান্তর করলে যা হয় প্রায় ২৫ লক্ষ টাকা! কম্পিউটার চপার নামের একটি প্রতিষ্ঠান এই হীরা-সোনায় মোড়ানো ম্যাকবুক প্রো ডিজাইন করেছে।