সব ধর্মই মানবতার কথা বলে। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সামাজিক বিশৃংখলা তৈরি করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, স্বামী বিবেকানন্দের বাণী আমরা যদি মানি তাহলে সারা বিশ্বের মানুষের কল্যাণ বয়ে আনবে।
শনিবার বিকেলে রামকৃষ্ণ আশ্রম ও মিশন, দিনাজপুরের নাথ মন্দিরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে যুব সম্মেলন-২০১৯ উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, নিজেদের শৃংখলার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোনো বিকল্প নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘মানুষের আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যাবে।’ জঙ্গিরা কখনো ভালো মানুষ হতে পারে না। মানুষ হিসেবে স্বামী বিবেকানন্দকে জানতে হবে।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের প্রধান পৃষ্ঠপোষক ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, পুলিশ সুপার সৈয়দ আবু সয়েম ও প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ড. মাসুদুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডালিম কুমার, ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা অজয় কুমার চ্যাটার্জী।
আরও পড়ুন: চবিতে ৪৩০টি পদ শূন্য, সাড়া দিচ্ছেনা ইউজিসি
সভায় অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উত্তোরিয় প্রদান করা হয়। স্বামী বিবেকানন্দের বাণী পাঠ করেন পলাশ রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-অর রশিদ। সভা শেষে বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নির্মাণাধীন দুর্গা মণ্ডপের কাজ সমাপ্ত করার জন্য পাঁচ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
ইত্তেফাক/অনি