সর্বোচ্চ আদালতে তিন লক্ষাধিক মামলা বিচারাধীন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতে দু’ধরনের তিন লক্ষাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবে গত পাঁচ বছরে প্রায় আড়াই লাখ মামলা নিষ্পত্তি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে মন্ত্রী প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ তথ্য জানান। গতকাল ছিলো চলতি ১৬তম অধিবেশনের চতুর্থ বেসরকারি সদস্য দিবস। টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সর্বোচ্চ আদালতে বিচারাধীন ও নিষ্পত্তি করা মামলা নিয়ে প্রশ্ন করেন বেগম নাসরিন জাহান রত্না ও জাফরুল ইসলাম চৌধুরী।
আইন মন্ত্রী জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা তিন লাখ ১১ হাজার ১১৬টি। গত পাঁচ বছরে দুই লাখ ৩২ হাজার ৮৫৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগে ১৫ হাজার ৬১৬টি দেওয়ানী এবং চার হাজার ৩৬৮টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগে দেওয়ানী ও ফৌজদারি বিচারাধীন মামলা রয়েছে ১৩ হাজার ৩৮৫টি। এরমধ্যে ফৌজদারি মামলা দুই হাজার ৭৭৩টি।
তিনি আরও জানান, গত পাঁচ বছরে হাইকোর্ট বিভাগে দুই লাখ ১৯ হাজার ৪৬৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে ফৌজদারি মামলা এক লাখ ৪৮ হাজার ১২৯টি এবং দেওয়ানী মামলা ৭১ হাজার ৩৪০টি। অপরদিকে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা হচ্ছে দুই লাখ ৯৭ হাজার ৭৩১টি। ফৌজদারি মামলা এক লাখ ৬০ হাজার ২৭২ এবং দেওয়ানী মামলা এক লাখ ৩৭ হাজার ৪৫৯টি।
ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত চার বছরে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিম্ন আদালতে ৩৩৪ জন সহকারি জজ নিয়োগ করা হয়েছে। একই সদস্যের লিখিত অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত চার বছরে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সারাদেশে ৪৮ হাজার ৪৪৪ জনকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করেছে। এরমধ্যে ২৫ হাজার ৪৮৪ জন পুরুষ, ২২ হাজার ৭১৮ জন নারী এবং ২৪২ জন শিশু। একই সময়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় ২৭ হাজার ৫২টি দেওয়ানী ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহূত হচ্ছে। তবে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গভাবে বাংলা ভাষা চালুর বিষয়টি সুপ্রিম কোর্টের এখতিয়ারাধীন বিষয়। সুপ্রিম কোর্টসহ যে কোন আদালতের রায় বাংলায় প্রদানের ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই। সুপ্রিম কোর্টের কোন কোন বিচারপতি বাংলায় রায় দিয়ে থাকেন। মোসাম্মত্ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, বিচারকদের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা সময় সাপেক্ষ ব্যাপার। প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ৪৭৬টি সাব-রেজিস্টার অফিস ভূমি কেনা-বেচা সংক্রান্ত রেজিস্ট্রেশনের কাজ পরিচালনা করছে। এছাড়া চারটি ক্যাম্প অফিস এবং ১৬টি নতুন সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। তিনি আরও জানান, বর্তমানে ৪৭টি জেলায় ১২৮টি সাব-রেজিস্ট্রি অফিসে শূন্য পদ রয়েছে। শতকরা পাঁচ ভাগ বিভাগীয় পদোন্নতির কোটায় সংরক্ষিত ২৪টি পদের মধ্যে দুইজন কর্মরত, অবশিষ্ট ২২টি পদ বিভাগীয় কর্মকর্তাদের জন্য সংরক্ষিত থাকবে। ইতোমধ্যে পিএসসি থেকে ৪৯টি পদ পূরণের সুপারিশ করা হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।