বর্ষার আগেই জেলা সড়ক সংস্কারের নির্দেশ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বর্ষা মৌসুম আসার আগেই জেলা সড়কগুলো সংস্কার ও মেরামতের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের জেলা সড়ক উন্নয়ন ও বিআরটিএ’র কার্যক্রম পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন। যোগাযোগ মন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমে বেশ কিছু জরুরি পদক্ষেপ নেয়ার জন্য বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশ দেন। তিনি ৩ বছরের বেশি সময় ধরে একই স্থানে নিয়োজিত কর্মকর্তাদের বদলি, জেলা ও মফস্বলের সকল গাড়ির ফিটনেস নিশ্চিতকরণ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যানবাহনে ডিজিটাল নাম্বারপ্লেট সংযোজনসহ বিআরটিএ অফিসসমূহ থেকে দালালচক্র দূরীকরণে ত্বরিত ব্যবস্থা গ্রহণে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন। সভায় মন্ত্রী জানান, মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুদ্বয়ের শেষ পর্বের স্থায়ী মেরামত কাজের জন্য আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত সেতুদ্বয়ের উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।