দশ কেজি হেরোইনসহ
গ্রেফতার দুই পাকিস্তানি
পাঁচদিনের রিমাণ্ডে
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৩
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি হেরোইনসহ গ্রেফতারকৃত পাকিস্তানের দুই নাগরিক মো: হারুন আর রশীদ ও আল্লা বখশের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর শফিকুর রহমান আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন রিমান্ড চান।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রের উত্স, জড়িত অপর পলাতকদের সম্পর্কে তথ্য জেনে তাদের গ্রেফতার করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বুধবার বেলা ২টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোয়েন্দা দলের সদস্যরা তাদের গ্রেফতার করে। মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন দুপুর ২টার দিকে পিআইএ’র একটি বিমান শাহজালাল বিমান বন্দরে নামে। এসময় পাকিস্তানের এই দুই নাগরিক যাত্রীবেশে কাস্টম এলাকা পার হয়ে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হয়ে যাচ্ছিল। এপিবিএনের গোয়েন্দা দলের সদস্যরা এ সময় তাদের গ্রেফতার করেন। তাদের তল্লাশি করে দশ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।