সামর্থ্য অনুযায়ী উত্পাদন না করায় টেশিসের ব্যাখ্যা দাবি

প্রতিদিন দোয়েল ল্যাপটপ ১৫০টির পরিবর্তে কি কারণে মাত্র ৫০টি উত্পাদন করা হচ্ছে তা টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) বলতে হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সমপর্কিত সংসদীয় স্থায়ী কমিটি টেশিসকে এ বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিতভাবে জানাতে বলেছে। অপরদিকে গ্রাহকদের আর্থিক ক্ষতিগ্রস্ত না করে মন্ত্রণালয়ের আয় থেকে পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে বলা হয়, দোয়েল ল্যাপটপ প্রতিদিন ১৫০টি উত্পাদন করার ক্ষমতা রয়েছে টেশিসের। কিন্তু তারা কি কারণে তা করছে না? দিনে ১০০টি করে কম উত্পাদন করায় সপ্তাহের পাঁচ কর্মদিবসে ৫০০টি ল্যাপটপ কম উত্পাদন হচ্ছে। টেশিসকে এর কারণ ব্যাখ্যা করতে হবে। অপরদিকে প্রতিদিন কত মিনিট ইনকামিং ও আউট গোয়িং কল হয় তার হিসাব কমিটিতে দাখিলের জন্য বিটিসিএলকে সুপারিশ করা হয়। এছাড়া আগামী বৈঠকে থ্রি জি লাইসেন্সের জটিলতার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলেরও সুপারিশ করা হয়েছে।