পিরোজপুরে জোয়ারের পানিতে ১৫ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পিরোজপুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের পনেরটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

গত দুই দিনে জোয়ার ও ভারিবর্ষনে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসতঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা।

নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষাস, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, আমরাজুরি, জয়কুল, ডুমজুড়ি, কুমিয়ানসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।  দুই দিনের অব্যাহত জোয়ারের পানি এবং বৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষি। 

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদীতে ঢেউয়ের কারণে খুলনা-পিরোজপুর-বরিশাল মহাসড়কের পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া  ফেরি এবং কাউখালী-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ি  ফেরি ঘাটে গ্যাংওয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটা ঠিক করে সড়ক জনপথ বরিশাল ফেরি বিভাগ দুপুরের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক করে। তবে শনিবার কাউখালী থেকে ঢাকার উদ্দেশ্যে কোন লঞ্চ  ছেড়ে যায়নি।

ইত্তেফাক/জেডএইচ