বাংলায় সামাজিক যোগাযোগের সেবা নিয়ে চালু হলো বেশতো

বাংলা ভাষায় সামাজিক যোগাযোগের বিভিন্ন সেবা নিয়ে চালু হয়েছে বেশতো (www.beshto.com)। এই অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে ‘মাইক্রোব্লগিং’ এবং ‘বেশতো প্রশ্ন’ নামের দুইটি সেবা। এর মধ্যে ‘বেশতো লাইভ’ দিচ্ছে মাইক্রোব্লগিংয়ের সুবিধা যার মাধ্যমে বাংলাদেশিরা একে অপরের সাথে তাদের মতামত এবং বিভিন্ন তথ্য বিনিময় করতে পারবেন। যেখানে ফেসবুকে শুধুমাত্র বন্ধুদের মধ্যে কথা ও ছবি বিনিময় করা যায়, সেখানে বেশতোতে বিভিন্ন কথা ও ছবি সবার মাঝে মুক্ত করা যায় বলেই জানান বেশতো কর্তৃপক্ষ। অন্যদিকে ‘বেশতো প্রশ্ন’র মাধ্যমে দরকারি প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া বা নতুন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে। ক্যারিয়ার, শিক্ষা, রাজনীতি, ভ্রমণ, মিউজিক, খাওয়া-দাওয়া প্রভৃতি ক্যাটাগরিতে প্রশ্নগুলো সাজানো আছে। যেকোনো বেশতো ব্যবহারকারী এসব প্রশ্নের উত্তর দিতে পারেন। ভালো প্রশ্ন বা উত্তরকে সবাই ভোট দিতে পারেন। বর্তমান সেবাগুলোর পাশাপাশি ভবিষ্যতে মোবাইল বেশতো, সার্চ (খোঁজা), কেনাকাটা, বিনোদন প্রভৃতি সেবাও চালু হবে বলে জানান বেশতো উদ্যোক্তারা।