স্মার্টফোনে তৃতীয় স্থানে চোখ সনির
প্রকাশ : ০৪ মার্চ ২০১৩, ২০:১৬
সময়ের অন্যতম জনপ্রিয় পণ্য স্মার্টফোন নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতারা। তবে এই বাজারের শীর্ষ দুইটি স্থান বরাবরের মতো দখলে রেখেছে স্যামসাং এবং অ্যাপল। খুব শীঘ্রই যে এই অবস্থানের পরিবর্তন ঘটবে না, সেটা সম্পর্কে ওয়াকিবহাল প্রযুক্তি বিশ্বের সকলেই। আর সেই বাস্তবতাকে উপলব্ধি করেই সনি স্মার্টফোনের ক্ষেত্রে তৃতীয় স্থানে নিজেদের উন্নীত করতে চায়। স্যামসাং কিংবা অ্যাপল’র পরিবর্তে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে হুয়াওয়ে এবং জেডটিই’র মতো প্রতিষ্ঠানের চাইতে এগিয়ে থাকতে চায় নতুন নতুন মডেলের স্মার্টফোন দিয়ে। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা আইডিসি’র সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং আর অ্যাপল’র পরে হুয়াওয়ের দখলে রয়েছে তৃতীয় স্থান (৪.৯%)। চতুর্থ আর পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সনি (৪.৫%) এবং জেডটিই (৪.৩%)। সনির বর্তমান লক্ষ্য তাই হুয়াওয়েকে অতিক্রম করা। আর এর জন্য তারা উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বল্পমূল্যের স্মার্টফোনের দিকে মনোযোগ দিবে বলেই আভাস দিয়েছেন সনির মোবাইল বিভাগের প্রধান।