ম্যান ইউ-রিয়াল, অনেক লড়াইয়ের এক ম্যাচ!

অনেক প্রতীক্ষার এক ম্যাচ; স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড বনাম রিয়াল মাদ্রিদ। কিন্তু এটা শুধু ইংলিশ ও স্পানিশ দুই জায়ান্টের লড়াই নয়, ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা দুজন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন এবং হোসে মরিনহোরও। এর মধ্যে আবার ক্রিস্টিয়ানো রোনালদো যে তার সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আজ মঙ্গলবার মাঠে নামবেন সেটাও থাকবে অনেক ফুটবলামোদীর। রায়ান গিগসের হাজারতম ম্যাচের সাক্ষীও হতে পারে ম্যাচটি। রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করে, তাই ফিরতি লেগে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত তাদের। তবে বিপক্ষের মাঠে গোল করে আসার কারণে ওল্ড ট্র্যাফোর্ডে আজ এগিয়ে থাকবে রেড ডেভিলরা। এমন সমীকরণকে মাথায় রেখে বিশ্বের সেরা দুটি ক্লাব তাদের পুরো সামর্থ্য নিয়ে বাংলাদেশ সময় রাত পৌনে দু’টায় মুখোমুখি হচ্ছে। এ রাতের অপর ম্যাচে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড ও শাখতার দোনেস্ক। স্পানিশ দলটি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় অংশ নিতে রবিবার গভীর রাতেই ম্যানচেস্টারে গিয়ে পৌঁছায়। ২৪ সদস্যের দলে আছেন অভিজ্ঞ ইকার ক্যাসিয়াস যিনি জানুয়ারি থেকে আর মাঠে নামেননি। গতকাল দলটি ম্যানচেস্টার সিটির মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে অনুশীলন করেছে। ইউনাইটেড অনুশীলন করেছে গতকাল সকালে। ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের কীর্তি কালের পাতায় খোদিত। ২৬ বছর ধরে তিনি আছেন ইউনাইটেডের সাথে। ইংলিশ প্রিমিয়ার লিগের এ ক্লাবটিকে বিশ্বের অন্যতম সেরা দলের কাতারে নিয়ে যাওয়ার ব্যাপারে তার অবদানই সবচেয়ে বেশি। অপরদিকে রিয়ালের কোচ মরিনহোর কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। দুটি ভিন্ন ক্লাবের হয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা জিতে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি। এবার লক্ষ্য রিয়ালের হয়ে শিরোপা জিতে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হিসেবে ইতিহাসে একমাত্র কোচ হওয়া। অনন্য এ নজিরটি গড়তে হলে অবশ্য তাকে এ ম্যাচে ফার্গুসনকে পরাস্ত করতে হবে। ইতিহাস বলে পর্তুগীজ এই ম্যানেজার রিয়ালে যোগ দেয়ার পর প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের যে ১৫টি ম্যাচ খেলেছে তাতে দুটি করে গোল দিয়েছে। এসব হিসেবে বাইরে বিশ্বের সবচাইতে দামি খেলোয়াড় রোনালদো অবশ্য পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামবেন বলে স্নায়ুর চাপে ভুগবেন। মেসির সময়ে জন্ম না নিলে হয়তো এই মুহূর্তে বিশ্বের সেরা একজন ফুটবলার হিসেবে তাকে বেছে নিতে বেগ পেতে হতো না ফুটবল বোদ্ধাদের। রোনালদোর উত্থানও হয় এই ম্যানচেস্টারে এসেই। ২০০৯ সালে আট কোটি ইউরোর বিনিময়ে তিনি যোগ দেন রিয়ালে। তারপর এই প্রথম তিনি ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামছেন। সব মিলিয়ে একাধিক সমীকরণের এই ম্যাচে কার জয় হয় তা দেখতেই অধীর অপেক্ষায় ফুটবল বিশ্ব। আজকের ম্যাচ বরুশিয়া ডর্টমুন্ড - শাখতার দোনেস্ক। ম্যানচেস্টার ইউনাইটেড - রিয়াল মাদ্রিদ