২০ জন থেকে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ নারী ক্রিকেটার

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪০

কয়েকদিন আগেই পুরুষ জাতীয় দলের কেন্দ্রীয় ‍চুক্তির তালিকা প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ৩০ জন থেকে বাড়িয়ে প্রথমবার জায়গা পেয়েছিল ৩৮ ক্রিকেটার। 

তবে নারী ক্রিকেটে উল্টোপথে হাঁটল পিসিবি। নারী দলের মাত্র ৮ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। অথচ গত মৌসুমে পাঁচ ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছিল ২০ ক্রিকেটারকে।

শুক্রবার (২৭ নভেম্বর) ২০২৬-২৭ মৌসুমের এই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। পুরুষ ক্রিকেটারদের ফরম্যাটভিত্তিক তালিকা করা হলেও, নারী ক্রিকেটারদের আগের মতো শ্রেণিভিত্তিক ক্যাটাগরি করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের অধিনায়ক ফাতিমা সানা খান ও বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল।

পরবর্তী দুই ক্যাটাগরিতে তিনজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। ‘বি’ ক্যাটাগরিতে অভিজ্ঞ ব্যাটার মুনিবা আলির পাশাপাশি রয়েছেন সিদরা আমিন ও বাঁ-হাতি স্পিনার নাশরা সান্ধু। সব ফরম্যাটে তাদের পারফরম্যান্সের সুবাদে এমন পুরস্কার। সর্বশেষ ক্যাটাগরি ‘সি’-তে জায়গা আছেন– ওপেনার গুল ফিরোজা, সাদাফ শামাস ও আয়েশা জাফর।

পিসিবির ভাষ্য অনুযায়ী, খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস মূল্যায়ন করার পর এসব ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। তবে চুক্তির মেয়াদকালে নিয়মিতভাবে ফিটনেস মূল্যায়ন করা হবে এবং কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত সকল খেলোয়াড়কে ফিটনেস-সংক্রান্ত নির্ধারিত মান বজায় রাখতে হবে। গতবার ডি এবং ই (ইমার্জিং ক্রিকেটার) ক্যাটাগরি রাখা হলেও, এবার ‍চুক্তিতে ক্যাটাগরি ও খেলোয়াড় সংখ্যা কমিয়েছে পিসিবি।

ইত্তেফাক/জেডএইচ