ময়মনসিংহ সিটি নির্বাচন ৪৪ কাউন্সিলর পদে আজ ভোট

প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রবিবার। এ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে। নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট হবে। দেশের দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহের ৩৩টি ওয়ার্ডে ভোটার আছেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে      পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৪৫৮ এবং নারী ১ লাখ ৫০ হাজার ৪৮০ জন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন শহীদুল ইসলাম স্বপন মন্ডল, আবু মো. মূসা সরকার এবং ডা. বিশ্বজিত্ ভাদুড়ী। বাছাইয়ে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এসে সরে দাঁড়ান জাতীয় পার্টি-জাপার প্রার্থী। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ সিটিতে ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন ৭০ জন নারী প্রার্থী। এছাড়াও ৩৩টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪২ জন প্রার্থী।

এই সিটির নির্বাচনে সকল কেন্দ্রে ব্যবহার হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। সবমিলিয়ে ব্যবহার করা হবে ২ হাজার ২৬টি ইভিএম। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচার চালানোর পাশাপাশি করা হয়েছে অনুশীলন ভোটিং। তবে মেয়র পদে নির্বাচন না হওয়ায় ভোটে মানুষের উত্সাহে কমতি থাকবে বলে শনিবার জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি এবং ইঞ্জিনচালিত যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইভিএমে ভোট হওয়ায় নির্বাচন শান্তিপূর্ণ হবে ।

এদিকে আজ রবিবার ৬টি উপজেলায় নির্বাচন হবার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কুতুবদিয়া আর আদালতের আদেশে উল্লাপাড়া উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বগুরা, ময়মনসিংহের ত্রিশাল ও লালমনিরহাটের আদিতমারী এ ৪ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। পাশাপাশি এদিন সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাইড় ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।