১৩ ইউরোপিয়ান আইটি কোম্পানি এসেছে ঢাকায়
প্রকাশ : ০৫ মার্চ ২০১৩, ১৮:৫৩
আজ থেকে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী বিজনেস ম্যাচমেকিং বৈঠক করতে ঢাকায় এসেছে ১৩টি ইউরোপিয়ান আইটি কোম্পানি। বেসিস-এর উদ্যোগে এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), আইটিসি জেনেভা, সিবিআই-নেদারল্যান্ডস ও ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এনটুএফ-২ (নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড) প্রকল্পের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে ৭টি ডেনমার্ক কোম্পানি, ৬টি নেদারল্যান্ড কোম্পানির পাশাপাশি ৫০টি বেসিস সদস্য কোম্পানি অংশ নিচ্ছে। দুই দিনে প্রায় ২০০টি ম্যাচমেকিং বৈঠক অনুষ্ঠিত হবে। ম্যাচমেকিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশি ও ইউরোপিয়ান আইটি কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক নতুন বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা। বর্ণিত ম্যাচমেকিং বৈঠক চলাকালীন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে এ কার্যক্রম পরিদর্শন করা জন্য এবং ইউরোপিয়ান এসব কোম্পানির বাংলাদেশকে সম্ভাব্য পার্টনার হিসেবে বেছে নেওয়ার কারণ সম্পর্কে মতামত নেওয়ার জন্য বেসিস থেকে আহ্বান জানানো হয়েছে। এসব ম্যাচমেকিং বৈঠক বেসিস অডিটোরিয়ামে আজ সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হবে এবং আগামীকাল সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।