আসছে স্বচ্ছ কম্পিউটার!

আধুনিক প্রযুক্তির দিন শেষ। এখন আর আধুনিক প্রযুক্তি দিয়ে চলছে না যেন কারও। প্রয়োজন হয়ে পড়েছে অত্যাধুনিক প্রযুক্তির। সেই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি নিয়েই এখন কাজ করছে বড় বড় সব গবেষণা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)ও। নিত্যনতুন প্রযুক্তি আর প্রযুক্তি পণ্য উদ্ভাবনে এমআইটি’র গবেষণাগারের জুড়ি নেই। তাদের মাধ্যমেই এবারে আসতে যাচ্ছে নতুন ধরনের প্রযুক্তি ডিভাইস—স্বচ্ছ কম্পিউটার। হ্যাঁ, এমন এক ধরনের কম্পিউটার তারা তৈরি করেছেন, যা একদমই স্বচ্ছ। এক পাশ থেকে অন্য পাশেও সবকিছু দেখা যাবে সুস্পষ্টভাবে। সম্প্রতি লস অ্যাঞ্জেলস-এ টিইডি সম্মেলনে এই স্বচ্ছ কম্পিউটার প্রদর্শন করা হয়েছে। এই কম্পিউটার সিস্টেমে রয়েছে একটি স্বচ্ছ এলইডি ডিসপ্লে, যার সাথে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা। এই ক্যামেরাটি ইশারা এবং শরীরের নড়াচড়া সনাক্ত করতে সক্ষম। ইশারা আর নড়াচড়ার মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে এই কম্পিউটার। কোনো একটি বস্তুর সাথে মানুষ যেভাবে আচরণ করে, তাতে উদ্বুদ্ধ হয়েই এই কম্পিউটার সিস্টেম ডিজাইন করা হয়েছে। টিইডি ফেলো জিনহা লি কাজ করছেন এই স্বচ্ছ কম্পিউটার নিয়ে, যেটি কেবল নিছক একটি যন্ত্রই নয়, আচরণ করবে বুদ্ধিমানের মতোই। লি’র মতে, মানুষের স্মৃতি যেভাবে কাজ করে তাকে যন্ত্রের উপযোগী করে ব্যবহার করা গেলে কম্পিউটার ব্যবহার যেমন মানুষের জন্য অনেক সহজ হবে, তেমনি কম্পিউটারের অনেক জটিল কাজও হবে সহজেই। তিনি জানিয়েছেন, ইশারার মাধ্যমে এই কম্পিউটারটি কাজ করলেও এমন কিছু কাজ থাকতে পারে, যেগুলো ইশারা দিয়ে কম্পিউটারকে বুঝানো একটু কঠিন। সেসব কাজ করার জন্য একটি টাচপ্যাডও রাখা হবে এই সিস্টেমে। এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘একজন ডিজাইনার যেভাবে চিন্তা করেন এবং একটি কম্পিউটার যেভাবে কাজ করে, তার মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। আপনি যদি কম্পিউটারের পেটের মধ্যে আপনার হাত পৌঁছে দিতে পারেন এবং ডিজিটাল তথ্যে নির্দেশনা প্রদান করতে পারেন, তাহলে আপনি আরও সঠিকভাবে কম্পিউটারকে আপনার চাহিদা বুঝাতে সক্ষম হবেন।’ কল্পবিজ্ঞানের মতো শুনতে এমন সিস্টেম নিয়ে অনেকেই আশাবাদী না হলেও লি জানিয়েছেন, আগামী এক যুগের মধ্যেই এই ধরনের কম্পিউটার বাজারে আসবে বলেই আশা তার।